পররাষ্ট্রমন্ত্রী বললেন

রাজনৈতিকভাবে শ্রম ইস্যুকে ব্যবহার করবেন না

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৭:১৫ এএম

বৈশ্বিক সম্প্রদায় ও আন্তর্জাতিক শ্রম সংস্থাকে (আইএলও) বাংলাদেশের শ্রম ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, আইএলও দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গে কাজ করছে। শ্রমিকের যেকোনো ইস্যুতে লেবার মিনিস্ট্রির (শ্রম মন্ত্রণালয়) সঙ্গে কাজ করা উচিত। বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী সরকারের সঙ্গে কাজ করতে হবে।

গতকাল বুধবার আইএলও-বাংলাদেশ সরকার পথ চলার ৫০ বছর উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কর্মীদের কর্মক্ষেত্রে মৌলিক নীতি ও অধিকার নিশ্চিত করা, যা আমাদের সংবিধানের একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ। বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম মানদণ্ডগুলোকে ক্রমান্বয়ে বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে, কর্মীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী বছর থেকে একটি সর্বজনীন পেনশন স্কিম প্রণয়ন করা হবে।’ জলবায়ু পরিবর্তন, ডিজিটালাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য বৈশ্বিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কর্মজগতে যে পরিবর্তন হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবর্তনে সরকার, মালিক ও কর্মীদের জন্য কারিগরি সহযোগিতা যেন আইএলও অব্যাহত রাখে সে আহ্বানও জানান তিনি।

আইএলও’র সহকারী পরিচালক ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সহকারী মহাপরিচালক শিহোকো আসাদা মিয়াকাওয়া আটটি মৌলিক কনভেনশন, দুটি গভর্নেন্স কনভেনশন ও ২৬টি টেকনিক্যাল কনভেনশন অনুমোদনের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন এবং শ্রম মানদণ্ড বাস্তবায়ন আরও ত্বরান্বিত করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত