দুই ম্যাচ জিতে নিয়ে নেদারল্যান্ডের সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত। তবে প্রথম ম্যাচে হেরে গিয়ে শ্রীলংকার জন্য তা হয়ে গেছে অস্তিত্ব রক্ষার লড়াই। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে রানরেট বাড়িয়ে নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যেতে হলে আজ নেদারল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে জিততে হবে লংকানদের। টিকে থাকার লড়াইয়ের দিনে তারা টস জিতে নিয়েছিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। নির্ধারিত ওভার শেষে তারা ডাচদের লক্ষ্য দিয়েছে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছে।
দলের পক্ষে সর্বোচ্চ কুশল মেন্ডিস ৭৯ রান করেন। ৪৪ বল স্থায়ী তার ইনিংসটি সাজানো ছিল ৫টি করে চার ও ছক্কায়। শেষ ওভারের দ্বিতীয় বলে গিয়ে তিনি টিম ফন ডার গুটেনের শিকার হন।
এছাড়া চারিথ আসালাংকা ৩১ ও ভানুকা রাজাপাকসে ১৯ রান করেন। আগের ম্যাচের সেরা ব্যাটার পাথুম নিশাঙ্কা করেন ১৪ রান। বাকিরা কেউই দুই অংকের রান স্পর্শ করতে পারেননি। তাতে শ্রীলংকা পায় ১৬২ রানের পুঁজি।
ডাচদের হয়ে পল ফন মিকেন ও বাস ডি লিডি সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন। এছাড়া টিম ফন ডার গুটেন ও ফ্রেড ক্লাসেন নেন একটি করে উইকেট।
১৬৩ রানের লক্ষ্য তাড়ায় একটু পর ব্যাট করতে নামবে নেদারল্যান্ড। জিতলে সুপার টুয়েলভ অনেকটা নিশ্চিত। তবে হারলে সমীকরণ উল্টে যেতে পারে।
