নরসিংদীতে মামুন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হাজীপুর এলাকার হাড়িধোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মামুন সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বউবাজার এলাকার আবদুল জলিলের ছেলে।
নিহতের মামা আফজাল হোসেন বলেন, মামুন মানসিকভাবে অসুস্থ ছিল। গত এক সপ্তাহ আগে তাকে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার সকালে হাড়িধোয়া নদীর হাজীপুর এলাকার আরশীনগর সেতুর নিচে একটি মরদেহ নদীতে ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে স্বজনরা এসে মামুনের মরদেহ শনাক্ত করে।
নরসিংদী সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর জলিল জানান, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তে তা উদ্ঘাটিত হবে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
