বাউবির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

হৃদয়ের অদূরে দূরশিক্ষণ স্মৃতি

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১০:২০ পিএম

বাংলাদেশ টেলিভিশনে তখন ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তার তুঙ্গে। প্রচার হয় প্রতি শনিবার রাত সাড়ে ৮টায়, ঠিক বাংলা সংবাদের পর। এ অনুষ্ঠানের কল্যাণে তরুণদের মধ্যে হাঁস-মুরগি পালন, খাঁচায় মুরগির চাষ, মাছের খামার খুব ব্যাপক প্রসার ঘটে। সে সময় অপরিহার্য হয়ে পড়ে কৃষি জ্ঞানটাকে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়া অর্থাৎ কৃষি প্রশিক্ষণ। যেসব তরুণ নতুন খামার গড়তে আসছে তাদের কারিগরি কোনো জ্ঞান নেই। মুরগির খামার, মাছের খামার, গরু মোটাতাজাকরণ কিংবা নার্সারি যা-ই হোক। সবখানেই কারিগরি জ্ঞান প্রয়োজন। তখন দেশের যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলো উপলব্ধি করল, আগ্রহী তরুণদের প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় হাঁস-মুরগি পালন, মাছ চাষ ও বনায়নের নতুন কিছু কোর্স শুরু হলো। তরুণরা তুমুল আগ্রহ নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় যাচ্ছে।

এই প্রশিক্ষণের প্রসারও দেশব্যাপী ছড়িয়ে পড়ল। বাংলাদেশ টেলিভিশনে তখন প্রতিদিন বিকেলের দিকে প্রচার হতো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রযোজিত ‘দূরশিক্ষণ’ নামে একটি অনুষ্ঠান। ‘দূরশিক্ষণ’ কার্যক্রম পরিচালনার জন্য তারা বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিন আধা ঘণ্টা সময় বরাদ্দ নেয়। কোনো দিন ইংরেজি, কোনো দিন গণিত, কোনো দিন ইতিহাস, কোনো দিন বিজ্ঞান, কোনো দিন ভূগোল, কোনো দিন কৃষি সম্পর্কে অনুষ্ঠান। খুব সম্ভবত ১৯৯৩-৯৪ সালের কথা। তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসটা ছিল ঢাকা কলেজ চত্বরের টিচার্স ট্রেনিং কলেজ ভবনে। উপাচার্য ছিলেন অধ্যাপক ড. শমসের আলী। তিনি এক দিন আমাকে ডেকে পাঠালেন। বললেন, যেসব বিষয় আমি বিটিভির ‘মাটি ও মানুষ-এ দেখাই, সেগুলোকে আরও পুঙ্খানুপুঙ্খ প্রশিক্ষণের মতো করে দেখানো যায় কি না। যেমন মাছ কীভাবে চাষ করতে হয়, গরু লালন-পালনের পদ্ধতিটা কী? গরু মোটাতাজাকরণের প্রয়োজনীয় বিষয়গুলো। খড় দিয়ে কীভাবে ইউরিয়া মোলাসেজ ব্লক বানাবে? এগুলো একেবারে নিবিড়ভাবে বোধগম্য উপায়ে প্রশিক্ষণ সিরিজ করা যায় কি না। এটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করা হলে তরুণ প্রজন্মের অনেক উপকার হবে। আমি বেশ আগ্রহী হলাম। কারণ, এর উপযোগিতা সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম। শুধু তরুণ প্রজন্মই নয়, সব ধরনের দর্শকের কাছে কৃষির এই শিক্ষা অতীব জরুরি।

একদিকে বিটিভির সাপ্তাহিক ‘মাটি ও মানুষ’ আরেকদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান। চিন্তা করলাম পারব তো? ভেবেচিন্তে অনুষ্ঠানটির নাম ঠিক করলাম ‘কৃষি কৌশল’। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি কোর্সের সঙ্গে যুক্ত করা হলো ‘কৃষি কৌশল’। এ অনুষ্ঠান প্রযোজনার জন্য বহিরাগত হলেও আমাকে ‘গেস্ট প্রোডিউসার’ হিসেবে নিয়োগ করা হলো। ড. শমসের আলী সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রথম গেস্ট প্রোডিউসার হিসেবে আমাকে নিয়োগ দিলেন। এ যাবৎকালে আমিই সম্ভবত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একমাত্র সরকারি নিয়োগপ্রাপ্ত গেস্ট প্রোডিউসার। আমি যোগদান করার পর বন্ধু ফরিদুর রেজা সাগরকেও আগ্রহী করলাম বাউবিতে কাজ করার ব্যাপারে। সাগর ও আমি তখন ড. শমসের আলীর কাছে একটি প্রস্তাব দিলাম ‘বাউবি-১২’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠানের। বাউবির ১২টি প্রশ্নসমৃদ্ধ অনুষ্ঠান। উপস্থাপক আবদুন নূর তুষার। সেটিও দূরশিক্ষণে যুক্ত হয়ে গেল। এই অনুষ্ঠানটিও খুব জনপ্রিয় ছিল।

আমার মহল্লার আরেক বন্ধু মোসাদ্দেক হাসান (বর্তমানে চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক, কারিগরি) তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তিনি বাংলাদেশ টেলিভিশনের ভিডিও এডিটর ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে থাকলে সারা জীবন তাকে ভিডিও এডিটরই থাকতে হতো। এই চিন্তা থেকে ওই চাকরিটা ছেড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। মোসাদ্দেক, আমি আর ক্যামেরাম্যান মোয়াজ্জেম হোসেন মিলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষিবিষয়ক কোর্স কারিকুলাম শুরু করলাম ভিডিওতে। ‘মাটি ও মানুষ’-এর প্রতিটি অনুষ্ঠানের বিষয়কে নিবিড় ও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার কাজ শুরু হলো। পদ্ধতিগত বিষয়গুলো ভিডিও ও বর্ণনায় তুলে আনা হলো। মাছ চাষের কথা যদি বলি, পুকুরের আকার কেমন হবে, কীভাবে খনন করতে হবে, কখন চুন দিতে হবে, কখন পানি ছাড়তে হবে, মাছের পোনা কখন ছাড়তে হবে, পোনার বয়স কত হবে, কী খাবার দিতে হবেএসব কারিগরি বিষয় সবিস্তারে উঠে আসতে থাকল। আমি ব্যক্তিগতভাবে টেলিভিশনকে সব সময়ই একটি শিক্ষার জায়গা হিসেবে বিবেচনা করে আসছি। আমাদের মতো দেশের টেলিভিশন বিনোদনের পাশাপাশি মানুষকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করবে এটিই স্বাভাবিক। কাজ করতে গিয়ে বারবারই মনে হয়েছে ক্যামেরার চোখে টেলিভিশনের পর্দায় যা দেখাব তার সঙ্গে মিলিয়ে শব্দ বা ধারা বর্ণনা দিয়ে কানে শোনাব। একজন মানুষ খুব সহজেই তা বুঝতে পারবে। এখানে উল্লেখ না করলেই নয়, টেলিভিশনে ‘কৃষি কৌশল’ শুরুর সময় একই সঙ্গে বাংলাদেশ বেতারে শুরু হলো ‘মাটির কাছে মানুষের কাছে’। বহুমুখী গণমাধ্যম প্রয়াস। তার আগে রেডিওতে স্থানীয় সংবাদ ও কৃষি খবর পড়ার অভিজ্ঞতা ছিল। আর মনে ছিল রেডিওর ‘দেশ আমার মাটি আমার’ কার্যক্রমটির কথা। যেখানে ‘মজিদের মা’ নামে একটি জনপ্রিয় চরিত্র ছিল। টেলিভিশনে আমাদের কৃষি কৌশলের চেয়ে চ্যালেঞ্জিং ছিল রেডিওর অনুষ্ঠান। তার মানে শ্রোতা এখানে দেখতে পাচ্ছে না তাকে শব্দ দিয়ে পরিবেশ পরিস্থিতি সবই বোঝাতে হচ্ছে। আমি অনুষ্ঠানের প্রয়োজনীয়তা বুঝেই মাইক্রোফোন ও রেকর্ডার নিয়ে গ্রামে গেলাম। পোলট্রির এক দিনের বাচ্চার অনুষ্ঠান ধারণের সময় মনে হলো এখানে বাচ্চার কিচিরমিচির আওয়াজটা যদি শ্রোতার কানে না পৌঁছে তাহলে অনুষ্ঠান প্রাণ পাবে না। আবার যখন পোলট্রি খামারে ডিম সংগ্রহ করার কথা বলছি সেখানকার ভিন্ন শব্দও অতীব প্রয়োজনীয়। একইভাবে গ্রামে সেচ নালার পাশে দাঁড়িয়ে যখন কথা বলছি তখন কলকল ধ্বনিটা যদি না শোনানো যায়, তাহলে মানুষের মনে দৃশ্যপটতা তৈরি হয় না। একই সঙ্গে সীমাবদ্ধতাটাও বুঝেছি। নিজের কাছেই স্পষ্ট হয়েছে কেন রেডিওতে কৃষিবিষয়ক অনুষ্ঠান সফল হয়নি। এই কাজগুলো করতে করতেই প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পেয়েছি। একই সঙ্গে টেলিভিশন এবং অডিও মাধ্যমে কাজের অভিজ্ঞতাটা রপ্ত করা সম্ভব হয়েছে।

একদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম, আর আমাদের যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ, আর একদিকে টেলিভিশনের মাটি ও মানুষ এবং বাউবি দূরশিক্ষণের ‘কৃষি কৌশল’ রেডিওর ‘মাটির কাছে মানুষের কাছে’। সব মিলিয়ে এক জাগরণ সৃষ্টি হলো তরুণদের মধ্যে। কৃষি নিয়ে পুরো দেশের মানুষের স্বপ্ন তৈরি হলো। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই ‘কৃষি কৌশল’ করতে গিয়ে নতুন একটি মডেল তৈরির সুযোগ পেলাম। বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ ছিল মূলত উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান। কৃষির ব্যাপারে উদ্বুদ্ধ করতাম। নতুন চাষব্যবস্থা, নতুন কৌশল, নতুন ফসল, নতুন বীজ এসব বিষয় দেখে কৃষক দারুণ উদ্বুদ্ধ হতো। দেখত কৃষক নতুন কিছু করে পয়সা উপার্জন করছে। এসব দেখে দর্শক হিসেবে আরেকজন কৃষকও চাইত সেটা করতে। কিন্তু তার কাছে কৌশলটা ছিল না। কীভাবে করবে তা সে জানত না। বাউবি দূরশিক্ষণের কৃষি কৌশলটা ছিল সে রকম একটা বিষয়। ‘মাটি ও মানুষ’ প্রচার হতো শনিবার। মাটি ও মানুষের শেষে দর্শকদের আমি বলতাম, এ বিষয়ের বিস্তারিত যদি হাতে-কলমে পেতে চান আগামী বৃহস্পতিবারের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘কৃষি কৌশল’ দেখুন। একই টেলিভিশনে ঠিক চার দিন পর দর্শক অপেক্ষা করে অনুষ্ঠানটি দেখত। দেখে সে আরও সমৃদ্ধ হতো। কৌশলটা শিখত। টেলিভিশনে দেখে যখন সে হাতে-কলমে করতে যেত অনেক সময় হিসাব বা তথ্য ভুলে যেত। তখন সেই দর্শককে আমি টেনে নিয়ে এলাম পত্রিকায়। তখন দৈনিক ‘জনকণ্ঠ’ খুব দাপটের সঙ্গে চলছে। সেখানে ‘চাষবাস’ নামে একটা কলাম লিখতাম আমি। ‘চাষবাস’ কলামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমি যা দেখালাম সেই তথ্যগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরতাম। এতে প্রথম মাটি ও মানুষ অনুষ্ঠান দেখে কৃষক উদ্বুদ্ধ হতো, সে হাতে-কলমে কৌশল জানার জন্য দেখত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘কৃষি কৌশল’। আর তথ্যগুলো কাগজে নিশ্চিতভাবে পাওয়ার জন্য তারা পড়তে শুরু করল জনকণ্ঠের চাষবাস কলাম। এটি হয়ে উঠল শতভাগ তথ্য পৌঁছে দেওয়ার জন্য একটা ত্রিমুখী মডেল। আমি নিজে নিজে এমন একটি ত্রিভুজাকৃতির মডেল তৈরি করে নিলাম। তখনকার কৃষির উত্তরণে এই ত্রিমুখী কার্যক্রমের বড় একটি অবদান ছিল। দেশে অগণিত সফল খামারি রয়েছেন যারা সে সময়ের এই ত্রিমুখী সম্প্রসারণ কার্যক্রমের কল্যাণে কৃষিতে আসেন এবং উত্তরোত্তর সাফল্য অর্জন করেন।

ড. শমশের এই গুরুত্বটুকু বুঝতে পেরেছিলেন বলেই দূর শিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছিলেন। পাঠক, একবার ভাবুন তো ২০২০-২১ সালে করোনা পরিস্থিতিতে দূরশিক্ষণ তথা ই-শিক্ষণ কী চমৎকার ভূমিকা রেখেছে! যাই হোক, ‘কৃষি কৌশল’ করার সুবাদেই সে সময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হয়ে যাই। আমাদের জীবনের বিকাশেও ওই সময়টির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাউবির তথ্য বিভাগের কর্মকর্তা ও স্নেহভাজন সাবেক সাংবাদিক মো. আবদুল হাই (বাবু) সে দিন জানাল, ‘ওই সময়কার কৃষি কৌশল অনুষ্ঠানের বেশ কিছু পর্ব ইউটিউবে দেওয়া হয়েছে।’ শুনে ভালো লাগল। একসময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যামেরাম্যান হিসেবে যোগদান করে আমার ছোট ভাই নজরুল। নজরুল মৃত্যুর পূর্ব পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। ফলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা সেতুবন্ধ সব সময় ছিল। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রামগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থানীয় পর্যায়ের ভবন দেখে মনে পড়ে যায়, প্রতিষ্ঠানটির সূচনার সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছু অংশ জড়িয়ে আছে। মিশে আছে চিন্তা, ঘাম আর শ্রম!

লেখক: পরিচালক ও বার্তাপ্রধান চ্যানেল আই

×
সর্বশেষ সর্বাধিক পঠিত