পুলিশের ধাওয়া খেয়ে প্রাণ গেল টমটম চালকের

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৫:১০ এএম

সিলেটে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে টমটম চালিয়ে পালানোর সময় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে এক চালক। তার নাম নূর মিয়া (৫০)। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কে টমটম চালানো নিষিদ্ধ হলেও ওই চালক মহাসড়কে ছিলেন। এ সময় শেরপুর হাইওয়ে পুলিশ তাকে ধাওয়া করে। নূর মিয়ার বাড়ি গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামে।

এদিকে ঘটনার পর বিভিন্ন টমটমের চালক ও ক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে। একই সঙ্গে গোয়ালাবাজারে টমটমচালকরা শেরপুর হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। এতে আবদুল কাদির নামে এক পুলিশ কনস্টেবল আহত হন। পরে ওসমানীনগর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় হাইওয়ে পুলিশদের উদ্ধারসহ মহাসড়কের অবরোধ তুলে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নূর মিয়া তার টমটম চালিয়ে গোয়ালাবাজারের দিকে আসছিলেন। এ সময় পেছন থেকে শেরপুর হাইওয়ে পুলিশ তার টমটমকে ধাওয়া করে। পুলিশের হাত থেকে বাঁচতে সিলেট-ঢাকা মহাসড়কের কসেরতল নামক স্থানে এওলাতৈল লিঙ্ক রোডে প্রবেশের চেষ্টা করেন নূর মিয়া। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক টমটমকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক নূর মিয়া মারা যান। ঘটনার পর ট্রাকের চালক রবিউল আলমকে আটক করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি পরিমল চন্দ্র দেব বলেন, ‘শেরপুর পুলিশ ফাঁড়ির গাড়ি পুলিশ সদস্যদের নিয়ে টহলে ছিল। গোয়ালাবাজার থেকে আসার পথে একটি ট্রাক একটি টমটমকে চাপা দেয়। পুলিশ সদস্যরা তা দেখে ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজে যোগ দেন। কিন্তু সাধারণ জনতা ভুল বুঝে পুলিশের ওপর দায় চাপাচ্ছে।

হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ করিম জানান, টমটমচালকের মৃত্যুর ঘটনায় মামলা হবে। ঘটনার সঙ্গে হাইওয়ে পুলিশের কোনো সম্পৃক্ততা আছে কি-না তদন্ত করে দেখা হবে।

মাদারীপুরে ট্রলিচাপায় শিশু নিহত : মাদারীপুরে খেলার সময় বালুবাহী ট্রলির চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম সামিউল ইসলাম (৪)। গত বুধবার সন্ধ্যায় কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। সামিউল ইসলাম একই গ্রামের কালু শিকদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামে নিজবাড়ির রাস্তার সামনে সামিউল ইসলাম একা খেলা করছিল। এসময় বালুবাহী একটি ট্রলি এসে পেছন থেকে তাকে চাপা দেয়। এতে শিশু সামিউল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত : ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রফিকুল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাঁচভাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেলে করে রফিকুল ইসলাম ও এনামুল গফরগাঁও থেকে হোসেনপুরের দিকে যাচ্ছিল। খুরশিদ মহল ব্রিজে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজন আরোহীই গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী হোসেনপুর উপজেলার ঠাডারকান্দা গ্রামের এনামুলকে (১৬) ঢাকায় পাঠানো হয়েছে।

কুমিল্লা-সিলেট মহাসড়কে নিহত ২ : কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টায় মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মিরপুর হাইওয়ে পুলিশ সংবাদ পেয়ে  মোটরসাইকেল ও নিহতদের পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত নিহত দুই মোটর সাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ২৬-২৮ বছর বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টায় একটি মোটর সাইকেল (নম্বর ঢাকা মেট্রো-ল ৩৩-২৮১৭) বাখরনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে যায় এবং দুই আরোহীর মৃত্যু হয়। নিহত দুজনের মাথায় হেলমেট ছিল। মরদেহ পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত