নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি

চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৫:১২ এএম

প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিমউদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সিনিয়র বিশেষ জজ আদালতে সংস্থাটির উপপরিচালক ফরিদ উদ্দিন পাটোয়ারী চার্জশিট দাখিল করেন। দুদক সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, চলতি বছরের ৫ মে মামলাটি করা হয়েছিল। মামলায় অভিযুক্ত ছয়জন হলেও চার্জশিটে নতুন করে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী, আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক, পরিচালক আনোয়ারা বেগম ও সৈয়দ এ কে কামরুজ্জামান।

দুদক সচিব মাহবুব হোসেন জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে ট্রাস্টি বোর্ড। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো বোর্ড অব ট্রাস্টিজ। বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস (রুলস অ্যান্ড রেগুলেশনস) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় একটি দাতব্য, কল্যাণমুখী, অবাণিজ্যিক ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনকে পাশ কাটিয়ে কতিপয় সদস্যের অনুমোদনের মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উন্নয়নের নামে ৯ হাজার ৯৭ ডেসিমেল জমির ক্রয়মূল্য বাবদ ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা অতিরিক্ত হিসেবে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখানোর ঘটনা ঘটেছে। আসামিরা বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে প্রথমে বিক্রেতার নামে টাকা দেন। পরে বিক্রেতার কাছ থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আবার নিজেদের নামে খোলা স্থায়ী আমানত হিসাব (এফডিআর) করে রাখেন। এরপর নিজেরা এফডিআরের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত