বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে, অনেক জটিলতার পর সরল অঙ্কের ফল এটাই। শুরুতে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখানো নামিবিয়া নিজেরাই বিদায় নিয়েছে আরব আমিরাতের কাছে হেরে। হারের পর টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ফলে ভেস্তে গেছে অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি ‘এশিয়া কাপ’ এর সম্ভাবনা! সুপার টুয়েলভে সরাসরি খেলা বাংলাদেশের প্রথম ম্যাচটা ‘এ’ গ্রুপের রানার্সআপের সঙ্গে। ফলে গতকাল ‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচের লড়াইয়ে চোখ ছিল বাংলাদেশ দলেরও। দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ১৬ রানে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে। লঙ্কানদের কাছে হারে অনিশ্চয়তায় পড়েছিল ডাচদের পরের রাউন্ডে যাওয়া। কিন্তু নামিবিয়া ৭ রানে আরব আমিরাতের কাছে হেরে যাওয়ায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের প্রতিপক্ষ। নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়ে সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে পা রেখেছে এশিয়া কাপ জয়ী লঙ্কানরা। আর গ্রুপ রানার্সআপ হওয়ায় ডাচরা গেছে দুই নম্বর গ্রুপে। সোমবার হোবার্টে বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
আমিরাতের বিপক্ষে ম্যাচ জিতে গ্রুপ-সেরা হয়ে সুপার টুয়েলভে ওঠার সুযোগ ছিল নামিবিয়ার। কিন্তু সম্ভাবনা জাগিয়েও পারেনি তারা। ম্যাচটি নামিবিয়া জিতলে রান রেটে এগিয়ে থেকে সেরা হতো তারা। তাতে এশিয়ান চ্যাম্পিয়নরা পড়ত দুই নম্বর গ্রুপে। টস জিতে আগে ব্যাট করা আমিরাত তোলে ৩ উইকেটে ১৪৮ রান। ডেভিড ভিসা ৩৬ বলে ৫৫ রানের ইনিংস খেললেও শেষে পেরে ওঠেনি নামিবিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে এটিই প্রথম জয় আমিরাতের। ব্যাটিংয়ে আমিরাত ওপেনার মোহাম্মদ ওয়াসিম ৩ ছক্কা, ১ চারে খেলেন ৪১ বলে ৫০ রানের ইনিংস। ১৮ ওভার শেষে আমিরাতের স্কোর ছিল ১১৫। শেষ ১২ বলে ৩৩ রান তোলে আমিরাত। তাতে অবদান চন্দনগাপোইল রিজওয়ান ও বাসিল হামিদের। রিজওয়ান ৩ চার ১ ছক্কায় ২৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। দুটি করে চার ও ছক্কায় বাসিল করেন ১৪ বলে ২৫।
প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন আমিরাত বোলাররা। দলীয় ২৬ রানে ৩ উইকেটে হারায় নামিবিয়া। পাওয়ার প্লেতে তোলে ৩৪ রান। নামিবিয়া ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে আসেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করা কার্তিক মিয়াপ্পান। ওই ওভারে জোড়া উইকেট তুলে নেন তিনি। ৬৯ রানে ৭ উইকেট হারায় নামিবিয়া। তখন মনে হচ্ছিল আমিরাতের জয়টা সময়ের ব্যাপার। কিন্তু একজন ডেভিড ভিসে যে ছিলেন। ৩৭ বছরের ভিসে রুবেন ট্রাম্পেলমানকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে গড়েন ৭০ রানের জুটি। ভিসে ৩১ বলে হাফ সেঞ্চুরি করেন। যা তার ক্যারিয়ারের দ্বিতীয়। আগেরটি করেছিলেন গেল বছরের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে।
শেষ দুই ওভারে ২০ রান দরকার ছিল নামিবিয়ার। দারুণ বোলিং করেন জহুর খান। ইনিংসের ১৯তম ওভারে তিনি দেন মাত্র ৬ রান। ৬ বলে ১৪ টি-টোয়েন্টিতে বড় রান না। কিন্তু ম্যাচসেরা মোহাম্মদ ওয়াসিম তা হতে দেননি। প্রথম তিন বলে চার রান দেন তিনি। চতুর্থ বলে অফ স্টাম্পের অনেকটা বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে লং-অনের বাউন্ডারির কাছে শারাফু বল তালুবন্দি করেন। ভিসে করেন ৩৬ বলে ৫৫ রান। শেষ দুই বলে ১০ রানের হিসাবটা আর মেলাতে পারেনি এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের হারানো নামিবিয়া।
তার আগে, দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬২ রান তোলে। কুশল মেন্ডিস ৭৯ এবং চারিথ আসালাঙ্কা করেন ৩১ রান। ডাচ ওপেনার ম্যাক্স ও’ডোড ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। কিন্তু তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। ম্যাক্স ৬ চার ও ৩ ছক্কাতে ৫৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। ডাচরা আটকে যায় ১৪৬/৯-এ। ৫টি করে চার ও ছক্কায় ৪৪ বলে ৭৯ করা কুশল হন ম্যাচসেরা।
আজ প্রথম পর্বে বি গ্রুপের ম্যাচে স্কটল্যান্ড খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। অপর ম্যাচে আয়ারল্যান্ড খেলবে উইন্ডিজের বিপক্ষে। গ্রুপে চার দলেরই পয়েন্ট সমান। অর্থাৎ ম্যাচ জয়ী দুই দল যাবে সুপার টুয়েলভে। ‘বি’ গ্রুপের সেরা দল যাবে সুপার টুয়েলভে গ্রুপ টু তে। অর্থাৎ বাংলাদেশের গ্রুপে।
