চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার যুক্ত হলো ক্যাঙারু ও লামা। সাম্প্রতিক সময়ে সাদা বাঘের বাচ্চা দর্শনার্থীদের নজর কাড়ে। এখন এ দুটি প্রাণী যোগ হওয়ায় দর্শনার্থীরা আরও আকৃষ্ট হবে এমন আশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের।
এ ছাড়া আগামীতে সিংহ ও ম্যাকাওসহ নতুন নতুন পশু-পাখি আসছে বলে জানা গেছে।
হল্যান্ড থেকে আসা ৬টি ক্যাঙ্গারু ও ৬টি লামা আসার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম চিড়িয়াখানার দায়িত্বে থাকা নেজারত ডেপুটি কালেক্টর তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা দুটি বাঘ থেকে এখন ১৫টি বাঘে উন্নীত করেছি। উপযুক্ত পরিচর্যা ও বংশক্রম ধারায় এসব বাঘের সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন যুক্ত হওয়া সকল প্রাণীর ক্ষেত্রেও একই পদ্ধতিতে আমরা সংখ্যা বাড়াব।’
চট্টগ্রাম চিড়িয়াখানার পরিচালনার দায়িত্বে থাকা চিকিৎসক শাহাদাত হোসেন শুভ বলেন, ‘আমরা এখানকার প্রাণীদের সর্বোচ্চ পরিচর্যা করে থাকি। কোন প্রাণী কোন সময়ে কী চায় সেই অনুযায়ী আমাদের টিম কাজ করে থাকে। নতুন নতুন এসব প্রাণী চিড়িয়াখানায় যুক্ত হওয়ার কারণে দর্শনার্থীদের আগমনও বেড়েছে।’
উল্লেখ্য, চট্টগ্রাম চিড়িয়াখানা সাম্প্রতিক সময়ে আয়তন বাড়ানো হয়েছে। একইসঙ্গে অনেক প্রাণীর শেড নির্মাণ করা হয়েছে। প্রাণীর সংখ্যাও বাড়ানো হয়েছে। চট্টগ্রামের ফয়’স লেক এলাকায় অবস্থিত এই চিড়িয়াখানা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
