তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৭ ডিগ্রি তাপমাত্রা

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০১:৫৫ পিএম

কয়েক দিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে আজ জেলার তেঁতুলিয়ায় ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। 

এ ছাড়া রাজারহাটে ১৯.০, দিনাজপুরে ১৯.৪, ডিমলায় ১৯.৫, সৈয়দপুরে ১৯.৮, বদলগাছীতে ২০.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ শনিবার (২২ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে আগামী তিন দিনে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত