বৃষ্টিকে সঙ্গী করেই হোবার্টে পা রাখল বাংলাদেশ

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৬:২৭ এএম

বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলের। ব্রিসবেনে বৃষ্টিতে ভেস্তে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। এবার বৃষ্টিতে প- হয়েছে হোবার্টে কৃত্রিম আলোয় অনুশীলন পর্ব। অবশ্য দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তিতে অনুশীলনের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতই ছিলেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজও বৃষ্টির পূর্বাভাস হোবার্টে। তাই বিনা অনুশীলনেই প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা তো আছেই, বৃষ্টিতে খেলা না হওয়ার শঙ্কাও কম নয়।

বেশ অনেকদিন ধরেই যাযাবরের মতো এদেশ ওদেশ ঘুরছেন ক্রিকেটাররা। দেশে টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরণ শ্রীরামের অধীনে অনুশীলন পর্বটা হয়নি বৃষ্টির উৎপাতে, অগত্যা দুবাই যাত্রা। সেখান থেকে দেশে ফিরে দুদিনের মাথায় ফের নিউজিল্যান্ডে। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের চারটি ম্যাচ খেলে বাংলাদেশ দলের গন্তব্য ব্রিসবেন। সেখানে আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে বড় হার, পরের ম্যাচটা বৃষ্টিতে প-। ব্রিসবেন থেকে বিভিন্ন বিমান সংস্থার সরাসরি তাসমানিয়ার ফ্লাইট থাকলেও বাংলাদেশকে যেতে হয়েছে মেলবোর্ন হয়ে। ফলে বেড়ে গেছে আকাশপথের দূরত্ব। প্রথমে ব্রিসবেন থেকে মেলবোর্ন, তারপর মেলবোর্ন থেকে হোবার্ট। শনিবার স্থানীয় সময় ভোরবেলা হোটেল ছেড়েছিলেন ক্রিকেটাররা, গন্তব্যে পৌঁছাতে বেজে গেছে দুপুর ৩টা। বিমানের ফ্লাইট সূচি বিলম্বিত হয়েছে দুবার। সব মিলিয়ে খেলোয়াড়রা আর অনুশীলনে অংশ নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। বৃষ্টি আসায় সহজ হয়ে গেছে কাজটা, অনুশীলন বাতিল। দলের সঙ্গে থাকা টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ ৮-৯ ঘণ্টা ভ্রমণের পর অনুশীলন এমনিতেও খুব একটা ভালো ভাবে করা যেত না, বৃষ্টিতে অনুশীলন বাতিল হওয়াতে ভালোই হয়েছে। এখন সবাই একটু রিল্যাক্সড হয়ে রিকভারি করতে পারবে পরের দিনের অনুশীলনের জন্য।’ অবশ্য অস্ট্রেলিয়ায় এসে অনুশীলন করাটাই হয়ে উঠছে না বাংলাদেশ দলের। আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচের পর বিশ্রাম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বৃষ্টি এবং সবশেষ হোবার্টেও বৃষ্টি। কোনোরকম প্রস্তুতি ছাড়াই মাঠে নেমে যেতে হতে পারে বাংলাদেশকে, অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটা ম্যাচ খেলা হয়ে গেছে নেদারল্যান্ডসের।

ব্রিসবেন ছাড়ার আগে বিব্রতকর এক পরিস্থিতির জন্মই দিয়ে এসেছেন ক্রিকেটাররা। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে একটি সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেছেন অধিনায়ক সাকিব আল হাসান, এমনটাই খবর বেশ কিছু গণমাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাসের সম্মতিতেই ব্রিসবেন প্রবাসী বাংলাদেশিরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সাংবাদিকদের না রাখার শর্তে সেখানে হাজির হয়েছিলেন ক্রিকেটাররা। সাকিব সেখানে আয়োজকদের পক্ষ থেকে রাখা ব্যাটে সই করেননি, স্রেফ ধন্যবাদ বলেই নিজের বক্তব্য শেষ করেছেন আর ভক্তদের সঙ্গে ছবিও তোলেননি। এমন অনেক অভিযোগ ব্রিসবেনে থাকা প্রবাসী বাংলাদেশিদের।

দলের পারফরমেন্স ভালো নয়, টানা হারের বৃত্তে বন্দি। অনুশীলনের পর্যাপ্ত সুযোগও মিলছে না। এমন সময় এরকম অনুষ্ঠানে যাওয়া এবং ঘুরপথে হোবার্ট যাওয়ায় প্রশ্ন উঠছে বিসিবির ব্যবস্থাপনা নিয়েও। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাগরপথে সেইন্ট লুসিয়া থেকে ডোমিনিকা যাওয়ার বন্দোবস্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেটাররা। অনেকেই পথিমধ্যে সি-সিকনেসে আক্রান্ত হয়েছিলেন। বিশ্বকাপের মতো বড় আসরে যেখানে আগে থেকেই সবকিছু ঠিকঠাক করা, সেখানে ব্রিসবেন থেকে মেলবোর্ন ঘুরে হোবার্টে যেতে রাজি হওয়া এবং স্থানীয় বাংলাদেশিদের অনুষ্ঠানে অংশ নিয়ে অসৌজন্যমূলক আচরণ জানান দেয় বিসিবির অপেশাদার দৃষ্টিভঙ্গিই।

শুধু একটাই সুখবর, সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। নিউজিল্যান্ডে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এই শ্রীলঙ্কান, মেলবোর্নে পরিবারের সান্নিধ্যে সুস্থ হয়ে হোবার্টে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত