ডিইপিটিসির সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী

'বঙ্গবন্ধুর তৈরি আইনের মাধ‍্যমে শেখ হাসিনা সমুদ্রসীমা জয় করেন'

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৪:০২ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষিত ও দক্ষ নাবিক বা কর্মিবাহিনী গড়ে তোলার জন‍্য নতুন নতুন ডিইপিটিসি,  মেরিন একাডেমি এবং ন‍্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট (এনএমআই) গড়ে তুলছেন। কুড়িগ্রাম ও গাইবান্ধায় আরো দুটি ডিইপিটিসি গড়ে তোলা হবে। বর্তমানে নারায়ণগঞ্জ, বরিশাল ও মাদারীপুরে ডিইপিটিসি রয়েছে। সমুদ্রগামী জাহাজের রেটিং তৈরির জন‍্য চট্টগ্রামে একটি এনএমআই ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে মাদারীপুরে একটি এনএমআই হয়েছে। কুড়িগ্রামে একটি এনএমআই প্রতিষ্ঠার কাজ চলমান।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে চট্টগামে মেরিন একাডেমি পুনঃপ্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুকে হত‍্যার পর কোনো সরকার নৌ সেক্টরের উন্নয়নে কাজ করেনি। তারা শুধু লোভনীয় প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে নতুন চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করেছেন। আরো তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে।

প্রতিমন্ত্রী আজ নারায়ণগঞ্জের সোনাকান্দায় ডেক ও ইঞ্জিনকর্মী প্রশিক্ষণ কেন্দ্র (ডিইপিটিসি) নারায়ণগঞ্জের সুবর্ণজয়ন্তী ও সাবেক ক‍্যাডেটদের পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডিইপিটিসির অধ‍্যক্ষ ক‍্যাপ্টেন মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন বিআইডাব্লিউটিসির চেয়ারম‍্যান আহমদ শামীম আল রাজী, বিআইডাব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আজিজুল হক খান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেল্লাল হোসেন, সুবর্ণজয়ন্তী ও সাবেক ক‍্যাডেটদের পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক ফিরোজ কায়সার আজিজ।

প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। দেশ কি কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকবে সে লক্ষ‍্যে ১৫০টির ওপর আইন তৈরি করেছিলেন। বঙ্গবন্ধুর তৈরি সমুদ্রসীমা আইনের মাধ‍্যমে শেখ হাসিনা সমুদ্রসীমা জয় করেন। সমুদ্রপথ অবারিত করেন। বঙ্গবন্ধুকে হত‍্যার পর হত‍্যাকারীরা অনেক স্বপ্ন দেখিয়েছেন। কোনো স্বপ্ন পূরণ হয় নাই। কর্মসংস্থান হয়নি। দারিদ্র্য দূর হয়নি। দারিদ্র্য দূর করার নামে একশ্রেণির লোক এনজিও খুলে নিজেরা বড়লোক হয়েছে। দরিদ্রতা দূর করতে পারেনি। তারা ব‍্যাংক তৈরি করেছে, নোবেল পুরস্কার পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ বছরে দেশকে শুধু সম্ভাবনার দ্বারপ্রান্তে নয়; বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় উপণীত করেছেন। চট্টগ্রাম বন্দরের পরিধি বাড়িয়েছেন। মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে এবং দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর নির্মাণ করেছেন।

তিনি বলেন, উত্তারঞ্চলের মঙ্গা এখন যাদুঘরে চলে গেছে। অর্থনীতির ক‍্যাপাসিটি কোথায় চলে গেছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে ১৮টি বিমান যাতায়াত করে। প্রাচ‍্যের ডান্ডি বলে খ‍্যাত নারায়ণগঞ্জ আবার জাগরিত হয়ে গেছে। খানপুরে আধুনিক নদীবন্দর নির্মিত হচ্ছে। নৌ সেক্টরের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। দেশের ১৬ কোটি মানুষ বোঝা নয়; তারা দেশের সম্পদ। এ সম্পদকে দক্ষ করে গড়ে তুলতে পারলে সোনার বাংলাদেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে।

প্রতিমন্ত্রী ডিইপিটিসির সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন, ক‍্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত