চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় সংলগ্ন জিয়ানগর উসকাঠিপাড়ায় নিজ বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে শহিদুল ইসলাম শহিদ নামে যুবলীগের এক নেতা ও তার মা আহত হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহিদের ভাই আরিফুল ইসলাম ওরফে বিটুলকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সহসভাপতি ও জিয়ানগর উসকাঠিপাড়ার বাসিন্দা শহিদুল ইসলাম শহিদ (৩৮) ও তার মা ফাহমিনা বেগম (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার কিছু পরে একটা বিকট শব্দ হয়। পরে আবারও একটা শব্দ হয়। স্থানীয়রা প্রথমে গাছ পড়েছে ভেবে বাড়ি থেকে বের হয়ে আরিফুল ইসলাম বিটলুর ঘর থেকে কিছুটা ধোঁয়া বের হতে দেখে এবং বারুদের গন্ধ পায়। দ্রুত তারা ঘরের মধ্যে ঢুকে শহিদ ও তার মাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এমন ধারণায় প্রথমে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ এসে দেখে বিটলুর বাড়ির একটি টিনশেড ঘরে ককটেল বিস্ফোরণ হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফরহাদ সুইট বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে আহত অবস্থায় মা ও ছেলেকে হাসপাতালে নিয়ে আসা হয়। শহিদের মা ফাহমিদার মুখ, ডান হাত ও পায়ে স্পিøন্টারের আঘাত ছিল। শহিদুল ইসলামের বুকে, মুখে ও ডান হাতে স্পিøন্টার ঢুকে গুরুতর জখম হন। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়।
সদর থানার ওসি মাহফুজুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। এ ঘটনায় শহিদের ভাই আরিফুল ইসলাম বিটলুকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করে।
আহত শহিদুল ইসলামের বিরুদ্ধে দুটি বিস্ফোরকসহ ৭টি মামলা রয়েছে বলে জানান ওসি মাহফুজুল।
