দেশে গত পাঁচ দিনের মধ্যে চার দিনই হাসপাতালে দৈনিক ডেঙ্গু রোগী ভর্তি আগের রেকর্ড ভেঙেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) এ বছর এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৩৪ রোগী ভর্তির রেকর্ড হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৫৮৯ জন ও বাইরে ৪৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩১ হাজার ৬৩ জন। এ সংখ্যা এ পর্যন্ত বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে সারা দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ২০২১ সালে হাসপাতালে গিয়েছিল ২৮ হাজার ৪২৯ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে এ বছর দেশে ১১৩ জনের মৃত্যু হলো। এর আগে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ২০২১ সালে মৃত্যু হয়েছিল ১০৫ জনের।
ঢাকার বাইরে আক্রান্ত বাড়ছে: এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ঢাকায় বেশি ছিল। এরপর থেকে ঢাকার বাইরেও রোগী বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা প্রায় কাছাকাছি পৌঁছেছে।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকায় ২২ হাজার ১৩ জন এবং বাইরে ৯ হাজার ৫০ জন। অর্থাৎ মোট ভর্তি রোগীর ৪১ দশমিক ১১ শতাংশই ঢাকার বাইরের। ১৫ দিন আগেও অর্থাৎ গত ৮ অক্টোবর ৩২ দশমিক ৮২ শতাংশ রোগী ছিল ঢাকার বাইরের। সে হিসেবে ক্রমেই ঢাকার বাইরে রোগীর সংখ্যা বাড়ছে। ৮ অক্টোবর দেশে ১৩ হাজার ৩৬৫ রোগী হাসপাতালে ভর্তি ছিল। তাদের মধ্যে ঢাকায় ১৩ হাজার ৩৬৫ জন এবং ঢাকার বাইরে ছিল ৪ হাজার ৩৮৭ জন।
ডিএনসিসি হাসপাতালে রোগী ভর্তি শুরু: মহাখালীর ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) কভিড হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি শুরু হয়েছে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল এই হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছে।
গতকাল এ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর। তিনি সাংবাদিকদের বলেন, ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে হাসপাতালে চাপ অনেক বেশি। যেমনÑ মুগদা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ সব জায়গায় ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। সে জন্য এই হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।
