ওপেনারদের ভালো শুরুর পরও ধুকছে বাংলাদেশ

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১০:৫১ এএম

টাইগারদের ওপেনিং নিয়ে দুঃখটা ঘুচলো এবার। বলা ভালো, অন্তত সুপার টুয়েলভের প্রথম ম্যাচে। শান্ত আর সৌম্যকে নিয়ে কম জল ঘোলা হয়নি। তবু টিম ম্যানেজমেন্ট তাদের ওপরেই আস্থা রাখলো। আর তাতে নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে শুরুটা পেয়েছে দুর্দান্ত। ৩১ বল স্থায়ী উদ্বোধনী জুটি এনে দিয়েছে ৪৩ রান। তাতে পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪৭ রান। তবুও ৬ ওভার শেষে ধুকছে টাইগাররা।

তবে শান্তর ব্যাটে রানের ঝলক দেখা দিলেও সৌম্য সরকার হতাশই করেছেন। অথচ টাইগারদের ব্যাটিং ইনিংসের বাউন্ডারির শুরুটা করেছিলেন সৌম্যই। প্রথম ওভারের তৃতীয় বলেই ক্লেসানকে চার মারেন। তারপর সৌম্যর ব্যাট থেকে এসেছে আরও একটি চারের মার। তবুও ১৪ বল খেলে ১৪ রানের বেশি তিনি করতে পারেননি।

ভ্যান মেকারেনের শর্ট বল উড়িয়ে মারতে গিয়েছিলেন সৌম্য। কিন্তু মিড উইকেটে দাঁড়িয়ে থাকা বাস ডি লিডির হাতে ধরা পড়েন তিনি।

সৌম্যর বিদায়ের পর টিকে থাকতে পারেননি নাজমুল হোসেন শান্তও। ঠিক ৬ বল পর ৬ রান যোগ করতেই বিদায় নেন তিনি। টিম প্রিঙ্গলের আউটসাইড অফের বল সুইপ করে শর্ট লেগ সাইড দিয়ে বাউন্ডারি মারতে চেয়েছিলেন। কিন্তু মিডউইকেটে দাঁড়িয়ে থাকা ভেন বেক তা তালুবন্দী করে নেন। ফেরার আগে ২০ বলে ২৫ রান করেন তিনি। তার ব্যাট থেকে আসে চারটি বাউন্ডারি।

তারপর থেকেই কমে যায় রানের চাকার গতি। সাকিব আল হাসান ও লিটন দাস ধুকছিলেন। কিন্তু পেরে উঠেননি। উল্টো বিদায় নেন এ দুজন। ১১ বলে ৯ রান করে লিটন ও ৯ বলে ৭ রান করে সাকিব। অধিনায়কের পরিণতি দুই ওপেনারের মতো হলেও লিটন ক্যাচ দিয়েছেন মিড-অফে। ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৩ রান করেছে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত