স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণেই মূলত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার।’ জাতিসংঘ দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় ‘ক্লিন আপ ক্যাম্পেইন’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, মশক নিধনের কাজ করতে গিয়ে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। সেই অভিজ্ঞতার আলোকে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যাগ নেওয়া হচ্ছে। মশা মারার ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এডিস মশা মোকাবিলায় আমাদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি আমাদের সম্মিলিতভাবে উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
