মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। একই সঙ্গে ঘটনা ধামাচাপা দিতে পরিবারের সদস্যরা গোপনে মরদেহ পুড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর বাগানবাড়ি এলাকায় হত্যার ঘটনাটি ঘটে। গতকাল সোমবার শ্মশান থেকে হত্যার আলামত উদ্ধার করে ছেলে অটল সূত্রধকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত রবিবার দুপুরে ছেলে অটল সূত্রধর বাবা ঝুনা সূত্রধরকে জমি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে পেটাতে থাকে। এতে সূত্রধর মাটিতে লুটিয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে সাটুরিয়া হাসপাতাল, পরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে ঝুনা সূত্রধর মারা যান।
ঝুনা সূত্রধরের আরেক ছেলে তপন সূত্রধর বলেন, আমার ছোট ভাই বাবাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। জমিজমা লিখে দিতে রাজি না হওয়ায় বাবাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে।
ঝুনা সূত্রধরের স্ত্রী আইতা রানী সূত্রধর বলেন, ছেলে অটল সূত্রধর মানসিক ভারসাম্যহীন। তাকে প্রতি মাসে একটি করে ইনজেকশন দিতে হয়। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বলেন, ঝুনা হত্যাকারী ছেলে অটলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
