ঢাকায় খাবারের দোকানে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০১:৪৯ এএম

রাজধানীর দক্ষিণখান কসাইবাজার এলাকায় একটি খাবারের দোকানে বিস্ফোরণে নারীসহ ছয়জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন গৃহিণী মারিয়া আক্তার (২০), তার খালাতো ভাশুর বেসরকারি চাকরিজীবী নবীন হোসেন (৩০),  শান্ত (১৮), মজিবুর রহমান (৫০), মোক্তার হোসেন (৩৬) এবং দোকান কর্মচারী মামুনুর রশিদ (৩৬)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া আশিক মাহমুদ নামে এক ব্যক্তি জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী মারিয়া এবং খালাতো ভাই নবীন। থাকেন কসাইবাজার ক্যাবের কলোনিতে। বিকেলে মারিয়া ও নবীন কসাইবাজার রেলগেট সংলগ্ন একটি খাবারের দোকানে গিয়েছিলেন আলুর চপ, বেগুনি কিনতে। ওই সময় সেখানে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কীভাবে বিস্ফোরণ হয়েছে তা জানাতে পারেননি তিনি।

দগ্ধ মামুনুর রশিদের বড় ভাই মো. হানিফ জানান, ওই এলাকাতেই একটি গ্যাসের দোকানে চাকরি করেন মামুনুর। বিকেলে দোকানটিতে নাস্তা খেতে গিয়েছিলেন মামুনুর। দগ্ধের খবর শুনে তাকে উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, তাদের ছয়জনের শরীরের ১৬ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। সবাই চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত