কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীর যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। সোমবার (২৪ অক্টোবর) বিকালে এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন।
পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতে কালীপূজা ও দীপাবলী উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।বুধবার সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ছুটি থাকার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
