সময় দুপুর ২টা। দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলের পুলসাইডে আঁটসাঁট নিরাপত্তা। কেউ যাওয়ার উপায় নেই। আচমকা কেন এত কড়াকড়ি? হোটেলের ব্যাঙ্কোয়েটে কানাঘুষো, চলছে জমিয়ে খাওয়াদাওয়া। উদ্যোক্তা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
খোঁজ নিয়ে জানা গেল, দিওয়ালির বিশেষ পার্টি এবার নাকি কলকাতাতেই পালন করলেন নায়িকা। শুধু দিওয়ালির খাওয়াদাওয়া বললে ভুল হবে। উপরি হলো ভারত-পাক ম্যাচ জয়। আর স্বামী বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্স।
ঝুলন গোস্বামীর জীবনীচিত্র শুটিংয়ের জন্য এই মুহূর্তে শহরে আনুশকা। কখনো ইডেনে, কখনো শিয়ালদহ- শহর ঘুরে শুটিং করছেন নায়িকা। সোমবার দিওয়ালি উপলক্ষে শুটিংয়ের ছুটি ছিল। দিওয়ালি সঙ্গে বিরাটের জয়ের আনন্দে টিমের 'চাকদহ এক্সপ্রেস'-এর জন্য নাকি বিশেষ আয়োজন করেন নায়িকা।
জানা গেছে, সবুজ অলিভ রঙের শাড়িতে সেজে ভামিকাকে কোলে নিয়ে রীতিমতো অতিথিদের আপ্যায়ন করছিলেন নায়িকা। নানা রকমের খাবার ছিল এই পার্টিতে। পানীয় থেকে মিষ্টি- আয়োজন ছিল সবেরই। কিন্তু সবটাই কড়া নিরাপত্তার মধ্যে। বাইরে থেকে বোঝার উপায় নেই। এই পার্টিতে ঝুলন গোস্বামীকেও আমন্ত্রণ জানান নায়িকা। তবে তিনি দিল্লিতে থাকায় পার্টিতে যেতে পারেননি।
হোটেল সূত্র জানায়, কোনো টলিউড অভিনেতাদের দেখা যায়নি, শুধু কলাকুশলীই ছিলেন সেখানে। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের জয়ের উদযাপন কলকাতা থেকেই শুরু করে দিলেন স্ত্রী আনুশকা। তবে ক্রিকেট মহলের কোনো ব্যক্তিত্বকেই দেখা যায়নি পার্টিতে। এমনকি, কলকাতায় পার্টি হওয়া সত্ত্বেও নিমন্ত্রিতদের তালিকায় নাম ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। তাতে অবশ্য আশ্চর্য হননি ঘনিষ্ঠরা।
সৌরভ-বিরাটের সমীকরণের ইতিহাস এখন দেশজুড়ে আলোচনার বিষয়। রবিবারের ভারত-পাকিস্তানের ম্যাচের পর সকলের মুখে মুখে বিরাটের নাম ঘুরলেও সৌরভের শুভেচ্ছা-টুইটে জায়গা পাননি তিনি। সে নিয়ে তোলপাড় টুইটার। তাই বিরাটপত্নীর উদযাপনে যে সৌরভকে দেখা যাবে না, সেটা প্রত্যাশিত। সূত্র : আনন্দবাজার
