একসঙ্গে কাজ করবে জিপি ও মেটা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১২:৫৬ এএম

অনলাইনে যোগাযোগ এবং ব্যবসা করতে প্রয়োজনীয় দক্ষতার চাহিদা পূরণে একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন ও মেটা। রাজধানীর জিপি হাউসে সম্প্রতি ‘জিপি-মেটা বুস্টআপ’ ট্রেনিংয়ে প্রায় ৩০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মেটার প্রশিক্ষকদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং টুল ব্যবহারের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণার্থীদের ব্যবসার ধারণা, কৌশল ও আদর্শ অনুশীলন সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়, যা ফেসবুকের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়তে সহায়তা করবে।

‘জিপি-মেটা বুস্ট আপ’-এ উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব; সিডিএসও সোলায়মান আলম এবং সিবিও আসিফ নাইমুর রশিদ। উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন মেটার এপিএসি ইমার্জিং মার্কেটস টিমের জনি জোহানসন এবং উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (ডব্লিউই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, কাজ, বিনোদন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এমনকি আর্থিক সেবার জন্যও মানুষ এখন ডিজিটাল লাইফস্টাইলের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছে। দেশের ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজগুলোকে উন্নত এবং আধুনিক করতে মেটার সঙ্গে এই উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত