সৌদিতে আটকে রাখা ২৪ নারী উদ্ধার

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৭:০৬ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১১০০ কিলোমিটার দূরে অবস্থিত আরার শহরে আটকে রাখা ২৪ জন বাংলাদেশি নারীকর্মীকে উদ্ধার করা হয়েছে। সে দেশে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তাদের উদ্ধার করা হয়। সৌদি কর্র্তৃপক্ষের সহায়তায় উদ্ধারকৃত ওই নারীদের দ্রুত দেশে পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, সৌদি রিক্রুটিং এজেন্সি ২৪ জন বাংলাদেশি নারীকে অবৈধভাবে আটকে রেখেছে এমন তথ্য জানার পর সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের দ্রুত উদ্ধার করে দেশে পাঠানোর জন্য দূতাবাসের শ্রম কল্যাণ উইংকে নির্দেশ দেন। দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সির লোকজন বাধা দেয়।

এর পরিপ্রেক্ষিতে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ওই নারীদের উদ্ধার করে সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করা হয়। এ ছাড়া উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের পর্যাপ্ত খাবার, পানীয় ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযুক্ত সৌদি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের এজেন্সি বন্ধ করে দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, সৌদি রিক্রুটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স এস আনোয়ার ওভারসিজের মাধ্যমে ২৪ নারীকে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে নেয়। তাদের নিয়োগকারীদের বাসায় না পাঠিয়ে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখে রিক্রুটিং এজেন্সি। পরিবারের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদের কোনো চিকিৎসাসেবা দেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত