স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশে আবারও নৈরাজ্য, হত্যা ও জঙ্গি উত্থানের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সরকার পতনে বিএনপির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে উল্লেখ করে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে বলেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের সামনে ‘অপরাজেয় বাংলা’ আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি। আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপি- জামায়াতের খায়েশ হয়েছে আগামী ১০ ডিসেম্বর ক্ষমতা দখল করবে। ক্ষমতা দখল করে কে কোন পদে থাকবে, সবই তারা নিজেরা নাকি ঠিকঠাক করেছে। ষড়যন্ত্রের নীলনকশায় মত্ত রয়েছে তারা।’ তিনি বলেন, দেশ যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন আবারও নীলনকশা করে দেশকে পেছনের দিকে টেনে ধরার চেষ্টা করছে জামায়াত-বিএনপি শক্তি। তাদের প্রতিহত করতে হবে। বিএনপি-জামায়াতের সময় আওয়াামী লীগের প্রায় ২১ হাজার নেতা-কর্মী হত্যা এবং মামলা-হামলার শিকার হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একাত্তরে যারা রাজাকার ছিল, তারা এখনো রাজাকারই রয়েছে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘বাংলাদেশকে কোন পেছনের দিকে নিয়ে যেতে চান মির্জা ফখরুলরা। বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন হবে দুঃস্বপ্ন।’ বক্তব্য দেন সাবেক বিচারপতি শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিক, আইনজীবী তুরিন আফরোজ, ঢাকা উত্তর ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান, অপরাজেয় বাংলার সদস্য সচিব এইচ মিলু।
