ফোক ও সুফি গানের জন্য সমাদৃত সংগীতশিল্পী সায়েরা রেজা। গানের নানা ব্যস্ততায় তার প্রতিটি দিন কাটছে। আজ এশিয়ান টিভির মধ্যরাতের লাইভে গাইবেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
এশিয়ান লাইভ...
আজ রাত ১০টা ৫০-এ এশিয়ান টিভির পর্দায় সরাসরি গান করব। রাত ২টা পর্যন্ত চলবে এই শো। ১৫টির মতো গান গাইব। তার মধ্যে আমার জনপ্রিয় মৌলিক গান তো থাকবেই। সঙ্গে লালন, মহাজনী, ধামাইল, মাতাল রাজ্জাক দেওয়ানের গান গাইব। সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল।
ব্যস্ততা...
আমার ভক্তরা জানেন, আমি যুক্তরাষ্ট্রে থাকি পরিবারের জন্য। তাই বাংলাদেশে যে দুই-এক মাসের জন্য আসি, তাতে অনেক কাজ করতে হয়। প্রতিদিন গানের কোনো না কোনো আয়োজনে যুক্ত হই। আমি সৌভাগ্যবান যে, দেশে এত শিল্পী থাকা সত্ত্বেও দর্শক থেকে শুরু করে আয়োজক, প্রযোজক সবাই আমাকে মনে রাখে। তাদের ভালো ভালো গানে আমাকে সুযোগ দেয়। লাইভ টিভি শো করলাম এরই মধ্যে বাংলাভিশন আর চ্যানেল ২৪-এ। আগামী সপ্তাহেই এনটিভি ও আরটিভিতে গাইব। এ ছাড়া রেকর্ডিং করছি অনেকগুলো নতুন গান। এবার এসে স্টেজ শো করা হয়নি। তবে রাজশাহী ও চট্টগ্রামে দুটি শোয়ের কথা চলছে। হয়তো নভেম্বরের শুরুর দিকে শো দুটি হবে। নভেম্বরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র ফিরতে হবে। কারণ নিউইয়র্ক এলে, মিশিগান, লন্ডন ও ফ্রান্সে আমার কনসার্ট রয়েছে।
অ্যাওয়ার্ড শো...
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মতো বড় শোতে এবার দুটি পরিবেশনায় অংশ নিয়েছি। এর আগে এই অ্যাওয়ার্ডও আমি দুবার পেয়েছি। এবার উল্লেখযোগ্য গানটি ছিল শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে। জুলফিকার রাসেলের লেখা সেই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডতারকা নকিব খান। দেশের বিখ্যাত শিল্পীরা একসঙ্গে গানটি গেয়েছি। এ ছাড়া একটি ফোক গানের আয়োজনে দুজন সিনিয়র আর দুজন জুনিয়ার শিল্পীর পরিবেশনা ছিল। আমার সঙ্গে ছিলেন শফি ম-ল। এ ছাড়া নভেম্বরের ১২ তারিখ সিজেএফবি অ্যাওয়ার্ডে অংশ নেব। সেখানে আমি মনোনয়নও পেয়েছি।
একগুচ্ছ নতুন গান...
এবার বেশকিছু নতুন গান করেছি। এরই মধ্যে রেকর্ড করেছি ‘মা’ নিয়ে একটি গান। এ ছাড়া করেছি একটি ফোক ও আধুনিক গান। সিনেমার গানেও কণ্ঠ দিয়েছি। আরও দুটি ছবিতে গাইব সামনে। তবে নতুন গানের মধ্যে সবচেয়ে আগে প্রকাশ করব হলদি মিক্স মানের একটি গানের ভিডিও। এটি মূলত দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত ৮টি গায়ে হলুদের গান নিয়ে তৈরি হয়েছে। এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দীঘি, ইমতুসহ ২৪ মডেল।
যাও পাখি বল তারে...
মোস্তাফিজুর রহমান মানিকের ছবি ‘যাও পাখি বল তারে’র টাইটেল গানটি মানুষ খুব পছন্দ করেছে। গত পরশুও একটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। সেখানে শোবিজের অনেকেই আমাকে গানটি গাইতে অনুরোধ করেছে। গানটি সাড়া ফেলার পর আগের চেয়ে প্লেব্যাকে বেশি ডাক পাচ্ছি। এমনকি এই গানে অনেক জনপ্রিয় শিল্পী টিকটক করেছে। আমার ‘ধার ধারি না’, ‘না না না তা হবে না’ গান দুটিতেও প্রচুর টিকটক হচ্ছে। এভাবেই গানগুলো বেঁচে থাকবে।
ছবি : শেখ সাদী
