দেশ রূপান্তরের সঙ্গে হকার্স নেতাদের মতবিনিময়

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৩:১৫ এএম

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দৈনিক দেশ রূপান্তর কর্র্তৃপক্ষ। রাজধানীর দৈনিক বাংলা   মোড়ে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি এ বি এম বেলাল হোসেন খান এবং সংবাদপত্রসেবী সমিতির সভাপতি আবুল কালাম বক্তব্য রাখেন। এছাড়া সভায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, পরিচালক, সাবেক কর্মকর্তা, সুপারভাইজার, ডিস্ট্রিবিউটর এবং সমিতির অফিসের সব কর্মী অংশ নেন।

দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, বিশেষ প্রতিনিধি আশরাফুল হক, রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান, সিনিয়র সার্কুলেশন ম্যানেজার মো. আবদুল হাকিম এবং ম্যানেজার (অ্যাডমিন) ইউসুফ কবীর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘ইন্টারনেটের দৌরাত্ম্যের কারণে এখন সংবাদপত্রের দুঃসময়। এই সময়ে আমাদের একে অপরকে আঁকড়ে ধরে থাকতে হবে। ইন্টারনেটের কারণে তরুণদের মধ্যে সংবাদপত্র পাঠে অনীহা সৃষ্টি হয়েছে। করোনার সময় তাদের যে অনীহা সৃষ্টি হয়েছে, তা এখনো বহাল আছে। উদ্যোগ নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে হবে।’

সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সংবাদপত্র শিল্পের একাল ও সেকালে অনেক পার্থক্য। তখন পাঠকরা পত্রিকা খুঁজে বের করতেন, আর এখন আমরা সবাই মিলে পাঠককে খুঁজি।’

সভায় দুর্নীতির বিষয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান সংবাদপত্রসেবী সমিতির সভাপতি আবুল কালাম। তিনি বলেন ‘ভেজাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও বেশি বেশি সংবাদ প্রকাশ দরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। এসব বিষয়ে জীবনধর্মী প্রতিবেদন প্রকাশ করতে হবে।’

সমিতির নেতারা দেশ রূপান্তরের প্রয়াত প্রতিষ্ঠাতা সম্পাদক অমিত হাবিবকে স্মরণ করেন। হকারদের কমিশন বাড়ানোর উদ্যোগ নেওয়ার জন্য তারা অমিত হাবিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন হকারদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি হকারদের আয়বর্ধক বিভিন্ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

মোস্তফা মামুন বলেন, ‘শুরু থেকেই হকাররা দেশ রূপান্তরের সঙ্গে ছিলেন। এ কারণে দেশ রূপান্তর অল্প সময়েই পাঠকপ্রিয়তা অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘সংবাদপত্র থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সারা বিশ্বেই এ অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভালো লেখা প্রকাশ করার মাধ্যমে পাঠককে ধরে রাখতে হবে। জানা বিষয় হলেও লেখা সমৃদ্ধ হলে পাঠক পত্রিকা খুঁজে নেয়।’

অমিত হাবিবকে স্মরণ করায় হকার নেতাদের ধন্যবাদ জানিয়ে মোস্তফা মামুন বলেন, ‘মানুষের পাশে দাঁড়ালে ভালোবাসা পাওয়া যায়। অমিত হাবিবকে স্মরণ করার মাধ্যমে এটা আবারও প্রমাণ হয়েছে।’

সভায় ঢাকা মহানগরীতে দেশ রূপান্তরের সর্বোচ্চ বিক্রেতা তিন সেন্টার সুপারভাইজারকে পুরস্কৃত করার ঘোষণা দেন মোস্তফা মামুন। দেশ রূপান্তরের আগামী প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত