সাড়ে ৪ মাস পর পোশাক রপ্তানির অনুমতি

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৩:২১ এএম

চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে গার্মেন্টপণ্য রপ্তানি কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে দেওয়া হয়েছে নয়টি শর্ত। ডিপো কর্তৃপক্ষ বলেছে, শর্তগুলোর বেশিরভাগ ইতিমধ্যে পূরণ করা হয়েছে। বাকিগুলো পূরণের কাজ চলছে।

কাস্টমস সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি কাস্টম হাউজ চট্টগ্রাম থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে বিএম কনটেইনার ডিপো লিমিটেডের মাধ্যমে রপ্তানি কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে শুধু গার্মেন্টপণ্য অফ-ডকে সংরক্ষণ ও তা প্রক্রিয়াকরণের কার্যক্রম শর্তসাপেক্ষে তিন মাসের জন্য স্বল্প পরিসরে চালুর সাময়িক অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। বিএম ডিপোকে দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে কার্যক্রম শুরুর আগে বন্দর কর্তৃপক্ষের অনাপত্তিপত্র গ্রহণ করা; বেসরকারি আইসিডি/সিএফএস বা অফ-ডক স্থাপন ও পরিচালনসংক্রান্ত নীতিমালা ২০২১ এবং বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স বিধিমালা ২০০৮-এ প্রযোজ্য শর্তাবলি এ সময়ের মধ্যে প্রতিপালন নিশ্চিত করা; ফায়ার লাইসেন্সে উল্লিখিত শর্তাবলির প্রতিপালন নিশ্চিত করা; অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ও অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ ও সংশ্লিষ্ট বিধি নিশ্চিত করা; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অনুমোদিত ফায়ার সেফটি প্ল্যান সংগ্রহ ও তদানুযায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ সময়ে সময়ে জারি করা বিভিন্ন শর্ত পরিপালন করা; ডেঞ্জারাস গুডস ও অন্যান্য কেমিক্যাল পদার্থবাহী কনটেইনার সংরক্ষণের জন্য আইএমডিজি নীতিমালার আলোকে পৃথক ইয়ার্ড ও শেডের ব্যবস্থা করা; অনুমোদিত বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স ও বন্দর কর্তৃপক্ষের জারি করা নীতিমালা অনুযায়ী কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট উল্লিখিত সময়ের মধ্যে স্থাপন করা; পুরো আইসিডি ও সিএফএস সিসিটিভির আওতায় আনা এবং আইসিডির বাইরে একাধিক স্থানে ব্যাকআপ স্টোরেজ স্থাপন করা; ক্ষতিগ্রস্ত শেড ও অফিস ভবনের নির্মাণ সম্পন্ন করা এবং কাস্টমস কর্মকর্তাদের শুল্কায়ন কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে নীতিমালায় বর্ণিত যথাযথ ও প্রয়োজনীয় লজিস্টিকস সহায়তা দেওয়া এবং অফ-ডক পরিচালনার লক্ষ্যে ব্যবহৃত নিজস্ব সফটওয়্যারে কাস্টমস কর্তৃপক্ষের সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা ও সফটওয়্যারের ব্যাকআপ ‘ক্লাউড’-এ সংরক্ষণসহ ডিজাস্টার রিকভারি সিস্টেমের ব্যবস্থা রাখা।

কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া অধিকাংশ শর্ত ইতিমধ্যে প্রতিপালন করা হয়েছে উল্লেখ করে বিএম কনটেইনার ডিপো লিমিটেডের পরিচালক মুজিবুর রহমান সিআইপি দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের কাছে অফ-ডক পরিচালনাসংক্রান্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদপ্তর ও বিস্ফোরক অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। আইএসপিএস কোড কমপ্লায়েন্স বা নিরাপত্তাব্যবস্থাও যথাযথভাবে রয়েছে।’ ডিপোতে ফায়ার সেফটিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থার অংশ হিসেবে ৫০০ জিপিএম ক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপন করা হয়েছে। ১৫ মনিটরবিশিষ্ট আধুনিক ওয়াটার ও ফোম টাইপ হাইড্রেন্ট সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে। আড়াই লাখ গ্যালন পানির ধারণ ক্ষমতাসম্পন্ন ওয়াটার রিজার্ভার ট্যাংক স্থাপন করা হয়েছে।’ মুজিবুর রহমান জানান, ডিপোতে ডেঞ্জারাস গুডস হ্যান্ডলিংয়ের জন্য ১২ হাজার বর্গফুটের বিশেষ শেড তৈরি করা হচ্ছে। সেখানে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক ফায়ার ফোম সিস্টেম। শেডের কোথাও আগুনের ঘটনা ঘটলে তা স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেবে এবং মাত্র ১৯ মিনিটের মধ্যে পুরো শেডে ৮ ফুট ফোম জমে যাবে।

গত ৪ জুন রাতে সীতাকু-ে বেসরকারি কনটেইনার ডিপো ‘বিএম কনটেইনার ডিপো লিমিটেড’-এ আগুন ও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় অর্ধশত মানুষ। বিধ্বস্ত হয় ডিপোর বিশাল অবকাঠামো। কাস্টমসের নির্দেশে বন্ধ হয়ে যায় চট্টগ্রামের অন্যতম বৃহৎ এ বেসরকারি কনটেইনার ডিপোর অপারেশনাল কার্যক্রম। এরপর সাড়ে চার মাস এ ডিপোর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

কাস্টমস সূত্র জানায়, ডিপো কর্তৃপক্ষ কার্যক্রম পুনঃচালুর অনুমতি চেয়ে একাধিক আবেদন জানায়। পাশাপাশি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) এ ব্যাপারে সুপারিশ করে। সার্বিক বিষয় বিবেচনা করে শুধু গার্মেন্টপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে ২৪ অক্টোবর থেকে স্বল্প পরিসরে চালু করার সাময়িক অনুমতি দেওয়া হয়।

কাস্টম হাউজের কমিশনার মো. ফাইজুর রহমান জানান, ডেঞ্জারাস গুডস সংরক্ষণ নীতিমালায় বর্ণিত শর্ত যথাযথভাবে প্রতিপালনের আগে বিএম কনটেইনার ডিপোর মাধ্যমে ডেঞ্জারাস গুডস ও অন্যান্য কেমিক্যাল জাতীয় পণ্যের হ্যান্ডলিং সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত তিন মাসের মধ্যে উল্লিখিত শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে কিংবা পরের মেয়াদে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স নবায়িত না হলে রপ্তানি সম্পাদনের কার্যক্রমের সাময়িক অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত