পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া চালালো রাশিয়া

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০১:৪৩ পিএম

পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। আর এই মহড়ার তদারকি করেছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকা রুশ বাহিনীগুলো এই মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় আর্কটিক থেকে রাশিয়ার দূরপ্রাচ্যে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

রাশিয়া জানিয়েছে, আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেটস্ক কসমোড্রোম মহাকাশ বন্দর থেকে ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক এবং বারেন্টস সাগর থেকে সিনেভা ব্যালিস্টিক মিসাইল কামচাটকা উপদ্বীপে ছোড়া হয়। এগুলো নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। মহড়ায় টু-৯৫ স্ট্র্যাটেজিক বোমারু বিমানও অংশ নেয়।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ‘শত্রুর পারমাণবিক হামলার প্রতিক্রিয়া জানাতে রুশ বাহিনীর প্রস্তুতি এটা।’ যুক্তরাষ্ট্রকে জানিয়েই এই মহড়া চালানো হয়েছে।

ইউক্রেন যুদ্ধ পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে, এমন আশঙ্কা আগেই করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তাই ইউক্রেনে অভিযান শুরুর কদিন বাদেই পারমাণবিক শক্তির মাত্রা বাড়ানোর নির্দেশ দেন তিনি।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তিগুলো সম্প্রতি দাবি করছে, ইউক্রেনে একটি কৌশলগত পারমাণবিক হামলা চালানোর পরিকল্পনা আঁটছে মস্কো। তবে এই অভিযোগ শক্তভাবেই অস্বীকার করে আসছেন পুতিন।

এদিকে রাশিয়াকে ‘ফাঁসানোর’ জন্য ইউক্রেন ‘ডার্টি বোমা’ ফেলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। ডার্টি বোমা ডিনামাইট ও পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি করা হয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের ডেকে এই উদ্বেগের কথা জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু। তবে ইউক্রেন এই অভিযোগকে ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিয়েছে। ইউক্রেনের পাল্টা অভিযোগ রাশিয়াই ইউক্রেনে এমন বোমা হামলা চালানোর ফন্দি আঁটছে।

আরও পড়ুন...

খেরসনে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

‘ডার্টি বোমা’ ইস্যু জাতিসংঘে তুলছে রাশিয়া, পশ্চিমাদের হুঁশিয়ারি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত