বিয়ে করছেন সংগীতশিল্পী পলক মুচ্ছাল ও মিথুন। 'আশিকি ২' ছবিতে যে জুটির গান তুমুল সাড়া ফেলেছিল, সেই জুটিই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। তবে এখনো এই তারকা জুটির পক্ষ থেকে বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শোনা গেছে, আগামী মাসে মিথুনের গলায় মালা দেবেন পলক।
সূত্র জানাচ্ছে, বিয়েটি কিন্তু একেবারেই লাভ ম্যারেজ নয়। দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ে ঠিক করা হয়েছে। পলক ও মিথুনের বাড়ির লোকের মধ্যে আগে থেকে চেনা পরিচিতি ছিল। সে সুবাদেই বিয়ের পরিকল্পনা।
সূত্র বলছে, আগামী মাসের ৬ তারিখ পলক ও মিথুনের চার হাত এক হতে চলেছে। 'আশিকি ২' ছবি থেকে এই জুটির যাত্রা শুরু। শোনা যাচ্ছে, 'আশিকি থ্রি'তেও নাকি শোনা যাবে মিথুন ও পলকের গান।
প্রসঙ্গত, আগেই খবরে ছিল ফের আসছে 'আশিকি'। বলিউডের এই জনপ্রিয় সিক্যুয়েলের তৃতীয় ছবিতে এবার একের পর এক চমক। 'আশিকি ৩' ছবিতে এন্ট্রি নিয়েছেন কার্তিক আরিয়ান। এখানেই চমকের শেষ নয়। ছবি পরিচালনার দায়িত্ব সামলাবেন অনুরাগ বসু। সঙ্গে থাকছে সংগীত পরিচালক প্রীতম।
সোশাল মিডিয়ায় কার্তিক এ খবর শেয়ার করে জানান, একটা দারুণ ছবি হতে চলেছে। অনুরাগ বসুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তবে এই ছবিতে নায়িকার খোঁজ চলছে। সূত্র : পিঙ্কভিলা
