ক্যাটরিনা কোনো কাজের নন! সোশাল মিডিয়ায় ফলাও করে সে কথা লিখলেন দীপিকা পাড়ুকোন। হঠাৎ কী করেছেন তিনি? বোঝা গেল এক ভিডিও থেকে। সে সময় শূন্যে দীপিকা। এরিয়াল যোগ করছিলেন নীল দোলনায়। ক্যাটরিনাই ভিডিও তুলেছেন নিচে দাঁড়িয়ে। দীপিকার রাগের কারণ সেটিই। অনেক বার বলা সত্ত্বেও এরিয়াল যোগ করতে রাজি হননি ক্যাটরিনা। তার নাকি 'মুড' ছিল না। তাই একসঙ্গে যোগের ক্লাসে গিয়েও একাই আকাশে ভাসলেন 'মাস্তানি'।
সেই ভিডিও দেখে হেসে খুন ঈশান খাত্তার, বরুণ ধাওয়ানের মতো তারকারা! কাপড়ে ঢাকা দীপিকাকে ঝুলতে দেখে ইশান মন্তব্য করলেন, 'দ্য মমি রিটার্নস?' দীপিকা তখন নীল দোলনায় বসে সাধনা করছেন। ভিডিওর নিচে লিখলেন, 'কঠোর ওয়ার্ক আউট করছিলাম জিমে। এদিকে ক্যাটরিনাকে দেখুন! কোনো কাজের নয়। আমার ভিডিও করে গেল গোটা সময়টা!' সেই পোস্টের নিচে অনেকেই জানালেন, কোনো একদিন দীপিকা আর ক্যাটরিনাকে একসঙ্গে জিমে দেখতে চান।
বর্তমানে 'প্রজেক্ট কে'র কাজে ব্যস্ত দীপিকা। শাহরুখ খানের সঙ্গে 'পাঠান'-এও অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে ক্যাটরিনা অভিনীত 'ফোন ভূত' আসছে ৪ নভেম্বর। সূত্র : মিড ডে
