বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সম্প্রসারিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
এদিন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করতে গিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন হাইকমিশনার প্রণয় ভার্মা।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সম্প্রসারিত ও শক্তিশালী করার প্রচেষ্টা থাকবে। ভারত-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে অনুধাবন করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হাইকমিশনারকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতায় চলমান দৃঢ় উন্নয়ন আগামী সময়ে আরো জোরদার হবে।
হাইকমিশনার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতিকে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানান।
পরিচয়পত্র পেশ করার পর হাইকমিশনার ভার্মা ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
