আইনমন্ত্রী বললেন

জামায়াতের বিচারে শিগগির আইন সংশোধন

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০১:৪৯ এএম

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর মানবতাবিরোধী অপরাধের বিচারে শিগগির আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধন ও তা জাতীয় সংসদে পাস হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব-রেজিস্ট্রারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

২০১৪ সালের ২৭ মার্চ জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে জামায়াতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট সাতটি অভিযোগ আনা হয়। তবে বিচারের প্রস্তুতির সময় দেখা যায়, বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে সংগঠনের বিচার ও শাস্তির বিধান নেই। ওই বছরেই মানবতাবিরোধী অপরাধে অভিয্ক্তু সংগঠন নিষিদ্ধের শাস্তির বিধান যুক্ত করে আইনটি সংশোধনের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। তবে দীর্ঘ সময়ে সেটি হয়নি। এর আগে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ও বেআইনি ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আপিল শুনানির অপেক্ষায় আছে।

জামায়াতের বিচারে সরকার আন্তরিক কি না এমন প্রশ্নে গতকাল আইনমন্ত্রী বলেন, ‘জামায়াতের বিচারের জন্য আইনের পরিবর্তন করতে হবে, সেটা অনেক আগেই বলেছি। আইনের যে পরিবর্তন ও সংশোধন সেটা মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যেই আইনটা পাস করব। তারপর বিচার কার্যক্রম শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘প্রশ্ন হচ্ছে, অন্য নাম নিয়ে নিবন্ধনের জন্য তারা (জামায়াত) নির্বাচন কমিশনে আবেদন করেছে। এটা অনেকটা আদালতের মতোই সাবজুডিশ ম্যাটার। আমি দেখতে চাই নির্বাচন কমিশন এটা কীভাবে সমাধান করে। তারপর আমি এ ব্যাপারে বক্তব্য দেব।’ আপিল বিভাগে জামায়াতের করা আপিলের ওপর শুনানির বিষয়ে রাষ্ট্রপক্ষ উদ্যোগ নেবে কি না সে প্রশ্নে তিনি বলেন, ‘প্রয়োজন হলে নিশ্চই নেবে।’ 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানোর সম্ভাবনা নিয়ে আনিসুল হক বলেন, ‘আমরা মনে হয় না। খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় তার দ-াদেশ স্থগিত করে শর্তযুক্তভাবে যে মুক্তি দেওয়া হয়েছে তার পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা সরকার করছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত