ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলন এবং দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে কর্মপরিকল্পনা গ্রহণ করতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বসছে আজ শুক্রবার। বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা দেশ রূপান্তরকে বলেছেন, নিয়ম অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে শেষ হচ্ছে দলের বর্তমান কার্যনির্বাহী সংসদের মেয়াদ। আজকের বৈঠকে দলের ২২তম সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। গঠন করা হবে সম্মেলন আয়োজনে বিভিন্ন উপকমিটি। প্রথা অনুযায়ী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দলীয় সভাপতি ও সদস্য সচিব সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সব সদস্য এ উপকমিটির সদস্য হয়ে থাকেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, ‘সাংগঠনিক বিষয়ের পাশাপাশি আমাদের আগামী জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হবে কার্যনির্বাহী কমিটির বৈঠকে। এছাড়াও সম্মেলন উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠিত হবে।’
ডিসেম্বরে জাতীয় সম্মেলন সামনে রেখে এরই মধ্যে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক শাখাগুলোর সম্মেলন করেছে আওয়ামী লীগ। সর্বশেষ নারায়ণগঞ্জ জেলাসহ ৪৩টি সাংগঠনিক জেলার সম্মেলন শেষ করেছে দলটি। এছাড়াও তারিখ দেওয়া আছে বেশ কয়েকটি জেলার। একই সঙ্গে ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও উপজেলার সম্মেলনও করছে দলটি। চলছে কমিটি গঠনের কাজও। কার্যনির্বাহী কমিটির বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা হবে বলে জানা গেছে। সেখানে বিরোধী বিএনপি যেসব কর্মসূচি পালন করছে তা রাজনৈতিকভাবে মোকাবিলার দিকনির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।
