এই হারের দায় কে নেবে, প্রশ্ন আমিরের

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০১:৩৫ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা এবং প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমের ওপর আরও একবার ক্ষোভ উগরে দিলেন মোহাম্মদ আমির। জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের হারের পর দেশটির সাবেক এই পেসার রমিজ ও ওয়াসিমের অপসারণ দাবি করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে ১ রানে হেরেছে পাকিস্তান। এই হারের ফলে সেমিফাইনালের স্বপ্ন অনেকটাই কঠিন হয়ে গেছে বাবর আজমদের।

পার্থে গ্রুপ-২ এর ম্যাচটিতে পাকিস্তানের সামনে জয়ের জন্য ১৩১ রানের মাঝারি টার্গেট রেখেছিল জিম্বাবুয়ে। এই সহজ স্কোরের সামনে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে পারে।

ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা দলটি এখন ছয় দলের গ্রুপে আছে পাঁচ নম্বরে। তিন ম্যাচ হাতে থাকলেও এখান থেকে তাদের শেষ চারের সমীকরণ মেলানো কঠিন।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের হারের পর টুইটারে নিজের ক্ষোভ ঝাড়েন ২০২০ সালে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া আমির।

বাঁহাতি পেসার লিখেন, ‘প্রথম দিন থেকেই বলছি যে দল নির্বাচন বাজে হয়েছে। এখন এই ব্যর্থতার দায় কে নেবে? এই বিষয়ের দায়িত্ব কার?’

আমির আরও লিখেন, ‘আমার মনে হয় এখন সেই তথাকথিত চেয়ারম্যান, যিনি পিসিবির ঈশ্বর হয়েই রয়েছেন এবং প্রধান নির্বাচক থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত