বিশিষ্ট সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ পাচ্ছেন আবু রুশদ সাহিত্য পুরস্কার-২১। এছাড়াও উদীয়মান লেখক শাখায় আবু রুশদ সৃজনশীল সাহিত্য স্বীকৃতি-২১ পাচ্ছেন পাপড়ি রহমান ও মাহমুদ আখতার শরীফ।
আবু রুশদ স্মৃতি পর্ষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে,শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে এ পুরস্কার হস্তান্তর করা হবে।
শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক আবু রুশদ স্মরণে আবু রুশদ সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হককে ‘চোখ’ এবং ওয়াসি আহমেদকে ‘বরফকল’ উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া পাপড়ি রহমান ও মাহমুদ আখতার শরীফকে যথাক্রমে তাদের উপন্যাস ‘নদীধারা আবাসিক এলাকা’ ও ‘মানুষ হবার কাল্পনিক গল্প’ সৃজনশীল সাহিত্য স্বীকৃতি দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
আবু রুশদ সাহিত্য পুরুস্কারের বিজয়ীরা পাবেন ৫০ হাজার টাকা ও একটি সনদ। প্রতিশ্রুতিশীল লেখক শাখায় স্বীকৃতিপ্রাপ্তদের প্রদান করা হবে সনদ ও ক্রেস্ট।
