ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন এক ছাত্রী। এর প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রীর নাম অন্তু। ওই ছাত্রীকে ইবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া পাঠানো হয়েছে।
তার দুটি দাঁত পড়ে গেছে বলে জানিয়েছেন ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি অবহিত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়েছে। পরে সন্ধ্যা পৌনে ৮টার দিকে সড়ক ছেড়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এর আগে ১৪ অক্টোবর প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন এক শিক্ষার্থী। এর প্রতিবাদেও সেদিন প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকে গতিরোধকসহ কয়েক দফা বাস্তবায়নের আশ্বাস দেন উপাচার্য। এতে সেদিন অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
