চামড়াশিল্প নগরী পরিদর্শনে জার্মান সংসদের প্রতিনিধিদল

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১২:৫২ এএম

ঢাকার সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়াশিল্প নগরী (ট্যানারি) পরিদর্শন করেছে জার্মান সংসদের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার সকালে জার্মান সংসদের অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (কেন্দ্রীয়) ও সচিব ড. বারবেল কফলারের নেতৃত্বে শিল্পনগরীর বিভিন্ন অংশ ঘুরে দেখে চার সদস্যের এই দলটি। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেনÑ টিনা রুডলফ, ইয়োহানেস ওয়াগনার ও নুট গেরশাউ। এছাড়া বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শনের প্রথমে ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে (সিইটিপি) যান তারা। পরে তারা আঞ্জুমান ট্রেডিং করপোরেশন লিমিটেড কারখানায় বসে মালিকদের সঙ্গে আলোচনা শেষে ট্যানারি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে জার্মান প্রতিনিধিদলটির কেউ কথা না বললেও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) সভাপতি ও আঞ্জুমান ট্রেডিং করপারেশন লিমিটেডের চেয়ারম্যান শাহিন আহম্মেদ বলেন, জার্মানির হাই প্রোফাইল টিম আজ ট্যানারির বিভিন্ন স্থানে পরিদর্শন করেছে। এখানে ডেপুটি মিনিস্টার ও কয়েকজন পার্লামেন্ট মেম্বার অংশগ্রহণ করেছেন। তারা মূলত বাংলাদেশের চামড়াশিল্প নিয়ে উদ্বিগ্ন। কীভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় সে কারণেই তারা পরিদর্শন করেছেন এবং সার্বিক দিক নিয়ে আলোচনা করেছেন।

পরিদর্শনের সময় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত