টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। অভিবাসীদের কল্যাণে মার্কিন মুল্লুকেও ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে ক্রিকেটের, অন্যান্য দেশের অনেক ক্রিকেটারই পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আগামীতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে যুক্ত হওয়ার আশা নিয়েই আটলান্টা ফায়ারস-এর সঙ্গে অংশীদারত্বের চুক্তি করল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।
কাল রাজধানীর একটি হোটেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক ও আটলান্টা ফায়ারস দলের স্বত্বাধিকারী হাসান তারেক। এর ফলে দুই দল পরস্পরের ভেতর খেলোয়াড় বিনিময় ও সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে।
২০১৯ সালের জুলাইতে সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটস ছেড়ে যোগ দিয়েছিলেন রংপুর রাইডার্সে। এরই ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের সম্পর্ক ছিন্ন হয়, রংপুর রাইডার্সকেও আর দেখা যায়নি বিপিএলে। সফল এই দলটি আবারও ফিরছে বিপিএলে, ইশতিয়াক সাদেক জানালেন তাদের আস্থা ফিরেছে বিসিবির উপর, ‘আগের বার তো সাকিবকে কেন্দ্র করে বিসিবি পুরা ইউ-টার্ন মেরেছিল। এরপর এক বছরের জন্য করে ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, আমরা তাই আর যাইনি। এবারে তিন বছরের জন্য দিয়েছে (ফ্র্যাঞ্চাইজি স্বত্ব), যদিও আমরা পাঁচ বছরের জন্য চেয়েছিলাম। তাই আমরা আবার মাঠে ফিরেছি কারণ আমরা ক্রিকেটকে অনেক ভালোবাসি’, কাল সাংবাদিকদের জানিয়েছেন রংপুরের প্রধান নির্বাহী।
ব্রেন্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গাদের মতো তারকাদের নিয়ে দল গড়ে সাফল্য ও সমর্থন দুই-ই পেয়েছিল রংপুর। তাদের না থাকায় অনেকটা রং হারানো বিপিএল আবারও ফিরে পেতে যাচ্ছে সেই জৌলুশ। নতুন শুরুতেই তারা ড্রাফটের আগেই দলে নিয়েছে শোয়েব মালিক, মোহাম্মদ নাওয়াজ ও হারিস রউফের মতো তারকা ক্রিকেটারদের। থাকবেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাও।
বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে রংপুর রাইডার্সের কর্মকর্তা শানিয়ান তানিম জানান, ‘পাকিস্তানের দেশের মাটিতে সিরিজ আছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটা শেষ হবে ১৫ তারিখে। এরপর থেকে বোর্ডের অনাপত্তিপত্র প্রাপ্তি সাপেক্ষে পাকিস্তানের খেলোয়াড়রা বাকি পুরোটা সময়ের জন্যই অ্যাভেইলেবল। সিকান্দার রাজার আরব আমিরাত টি-২০ লিগে খেলার চুক্তি আছে, তবে আমিরাতের লিগ শুরুর তারিখ এখনো হয়নি। দেরিতে শুরু হলে আগে আর আগে শুরু হলে শেষে ও আমাদের দলে যোগ দেবে’ জানিয়েছেন শানিয়ান।
দেশীয় ক্রিকেটারদের মধ্যে শেখ জামাল ধানমন্ডি দলের ক্রিকেটারদের প্রতিই চোখ থাকবে রংপুর রাইডার্সের, যেহেতু দুটো দলেরই ব্যবস্থাপনায় একই কর্র্তৃপক্ষ। দেশি তারকা ক্রিকেটারদের ভেতর নুরুল হাসান সোহানের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত রংপুর রাইডার্সের, কোচ হিসেবেও প্রিমিয়ার লিগ জয়ী সোহেল ইসলামের ওপরই আস্থা তাদের।
