৩০ সেকেন্ডেই শ্রদ্ধার বাজিমাত!

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১১:৪৫ পিএম

আড়াই বছরের বেশি সময় ধরে পর্দায় অনুপস্থিত শ্রদ্ধা কাপুর। তাই তাকে পর্দায় দেখার জন্য ভক্তদের মন আনচান করছিল, বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই দর্শন যে এভাবে হবে, তা হয়তো অনেকেই কল্পনা করেননি। নতুন একটি সিনেমার গানে আইটেম গার্লরূপে দেখা দিয়েছেন শ্রদ্ধা; তাও মাত্র ৩০ সেকেন্ডের জন্য! শ্রদ্ধা কাপুরকে সাহসী অবয়বে খুব একটা দেখা যায় না। তবে বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন অভিনীত ‘ভেড়িয়া’ সিনেমায় খোলস পাল্টেছেন শক্তি কাপুরকন্যা। লাল রঙের স্বল্প বসনায় আবেদন ছড়িয়েছেন ‘ঠুমকেশ্বরি’ গানে। গানটির পুরোটা জুড়েই বরুণের সঙ্গে কৃতির নৃত্যকলা। সঙ্গে একঝাঁক ব্যাকগ্রাউন্ড ড্যান্সার; যেমনটা বলিউডের গানে দেখা যায়। তবে গানের শেষ ৩০ সেকেন্ডে সব আলো নিজের করে নিলেন সুপারস্টার শ্রদ্ধা কাপুর। গানটি প্রকাশের পর অন্তর্জালে তাকে ঘিরেই চলছে আলোচনা। শ্রদ্ধাকে এই রূপে দেখে কারও কারও মনে পড়ে যেতে পারে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার ‘উলালা’ গানের বিদ্যা বালানকে! গানটি শেয়ার করে শ্রদ্ধা লিখেছেন, ‘সারপ্রাইজ সারপ্রাইজ!’ সম্ভবত তিনি নিজেও আঁচ করেছেন, তাকে দেখে ভক্তরা বিস্মিতই হবেন! বিশেষ এই গান নিয়ে অভিনেতা বরুণ ধাওয়ান বলেছেন, ‘এটি এমন একটি গান, যা তৈরি করা হয়েছে ড্যান্স ফ্লোরে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্য। এর মজার সুরে নাচার সময় দারুণ উপভোগ করেছি। আমি নিশ্চিত, ভক্তরাও গানটির সঙ্গে নাচার সময়টা উপভোগ করবেন।’

‘ভেড়িয়া’ নির্মাণ করেছেন অমর কৌশিক। এটি প্রযোজক দীনেশ বিজনের হরর-কমেডি ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা। এই সিরিজের প্রথম ছবি সুপারহিট ‘স্ত্রী’র মুখ্য ভূমিকায় ছিলেন শ্রদ্ধা কাপুর। সেই সূত্রেই বরুণ-কৃতির গানে শ্রদ্ধার আগমন। ধারণা করা হচ্ছে, মূল সিনেমায়ও শ্রদ্ধার উপস্থিতি থাকতে পারে। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত