পটুয়াখালীর দুমকিতে পুলিশের ধাওয়া খেয়ে নির্মাণাধীন ভবনের ৫তলা থেকে নিচে পড়ে বিপ্লব (৩৫) নামে এক যুবক মারা গেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বটতলাসংলগ্ন এলাকায় নির্মাণাধীন ১০তলা ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বিপ্লব নির্মাণাধীন একটি ভবনের ৫মতলায় ইলেকট্রিশিয়ানের কাজ করছিল। দুমকি থানার এসআই আল মামুন ওই ভবনে ঢুকে বিপ্লবকে আটক করতে ধাওয়া দিলে পালাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে ঢাকায় নেওয়ার পথে বরিশালের কাশিপুর এলাকায় বিকেল ৪টায় তার মৃত্যু হয়। শাহজাহান হাওলাদারের জামাতা সিদ্দিকুর রহমান এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, বিপ্লব মাদক মামলার আসামি। সে পুলিশ দেখে পালাতে গিয়ে নিচে পড়ে গেছে।
