হকি চ্যাম্পিয়নস লিগের শুরুটা হয়েছিল জয় দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেতে হয়েছে রূপায়ণ সিটি কুমিল্লাকে। সোমবার তারা ৪-৩ গোলে হেরেছে ওয়ালটন ঢাকার কাছে। সেই হার থেকেই শিক্ষা নিয়ে আজ ফের মাঠে নামছে দলটি। প্রথম ম্যাচে হারানো মোনার্ক পদ্মার সঙ্গে ফিরতি ম্যাচে দেখা হয়ে যাচ্ছে সবুজ-মোরেদের।
প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে পিছিয়ে যেতে হয়েছিল ওয়ালটন ঢাকার বিপক্ষে। এরপর দ্বিতীয় কোয়ার্টারে আরও এক গোল হজম করতে হয় রূপায়ণকে। এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। দারুণ প্রত্যাবর্তনের একটা আভাসও দিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত গোলের অসংখ্য সুযোগ হাতছাড়া করার মাশুল গুনতে হয় তাদের। প্রথম দুই কোয়ার্টারে ওয়ালটন ঢাকা তিনটি পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তরিত করায় চাপে পড়ে যায় রূপায়ণ সিটি। এই হারের জন্য নিজেদের কিছুটা হালকা মেজাজে খেলাকে দুষছেন দলটির অভিজ্ঞ গোলকিপার জাহিদ হোসেন, ‘ওয়ালটন ঢাকা প্রথম ম্যাচে হেরে আমাদের বিপক্ষে খেলতে নামে। আর আমরা জয় পাওয়ায় হয়তো প্রথম কোয়ার্টারে কিছু হালকা মেজাজে খেলেছি। ওরা পিসির সুযোগগুলো যেভাবে কাজে লাগিয়েছে, সেটা আমরা করতে পারিনি। এটা আমাদের জন্য বলতে পারেন বড় একটা শিক্ষা। সেই শিক্ষা নিয়েই আমরা আজ মোনার্ক পদ্মাকে হারাতে চাই।’
দলের সহকারী কোচ মশিউর রহমান বিপ্লব ওই হারকে নিছকই একটা বাজে দিন হিসেবে দেখছেন, ‘ওটা আসলে ছিল একটা বাজে দিন। আমরা শেষ তিনটি কোয়ার্টার প্রাধান্য বিস্তার করে খেলেছি। ৯টা পিসি থেকে মাত্র একটি কাজে লাগাতে পেরেছিলাম। ছেলেরা নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছে। আশা করছি ওরা মোনার্কের বিপক্ষে জয়ে ফিরবে।’
মোনার্ক পদ্মা প্রথম দুই ম্যাচেই হেরে এখনো পয়েন্টের খাতা খুলেনি। তাই বলে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না দলটির ম্যানেজার ও জাতীয় দলের সাবেক তারকা এহসান রানা, ‘ওরা দুই ম্যাচ হেরেছে। তাই চাইবে যে করেই হোক এই ম্যাচ থেকে পয়েন্ট পেতে। তাই ম্যাচটা মোটেই সহজ নয়। আমাদের হার থেকে শিক্ষা নিতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে হবে। তবেই জয়ে ফেরা সম্ভব হবে।’
এদিকে টানা দুই হারের পর প্রথম জয়ের স্বাদ পেয়েছে ক্রিকেট তারকা সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক পদ্মা। গতকাল তারা ৬-৩ গোলে হারিয়েছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে। শুরুতে পিছিয়ে পড়েও অসাধারণ খেলে ম্যাচটা জিতেছে মোনার্ক পদ্মা। এই হারে দুর্গতি বেড়েছে সাইফ পাওয়ার গ্রুপের। টানা তিন ম্যাচে হেরে এখন ছয় দলের আসরে তলানিতে তারা।
