আবারও রূপায়ণ সিটি কুমিল্লার সামনে সাকিবের মোনার্ক

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১১:১৩ এএম

হকি চ্যাম্পিয়নস লিগে রূপায়ণ সিটি কুমিল্লার শুরুটা হয়েছিল মোনার্ক পদ্মার বিপক্ষে জয় দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচেই হোঁচট। হারতে হয় ওয়ালটন ঢাকার বিপক্ষে। সেই হার থেকেই শিক্ষা নিয়ে বুধবার ফের মাঠে নামছে রূপায়ণ। এবার মোনার্ক পদ্মার বিপক্ষে ফিরতি ম্যাচ তাদের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক পদ্মাকে ৩-২ গোলে হারিয়ে আসর শুরু করেছিল রূপায়ণ সিটি কুমিল্লা। সোমবার তারা ৪-৩ গোলে হেরেছে ওয়ালটন ঢাকার কাছে। সেই হার থেকেই শিক্ষা নিয়ে এবার মাঠে নামছে দলটি।

ওয়ালটনের বিপক্ষে হারকে রূপায়ণের সহকারী কোচ মশিউর রহমান বিপ্লব নিছকই একটা বাজে দিন হিসেবে দেখছেন, ‘ওটা আসলে ছিল একটা বাজে দিন। আমরা শেষ তিনটি কোয়ার্টার প্রাধান্য বিস্তার করে খেলেছি। ৯টা পিসি থেকে মাত্র একটি কাজে লাগাতে পেরেছিলাম। ছেলেরা নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছে। আশা করছি ওরা মোনার্কের বিপক্ষে জয়ে ফিরবে।’

মোনার্ক পদ্মা প্রথম দুই ম্যাচেই হেরে এখনো পয়েন্টের খাতা খুলেনি। তাই বলে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না দলটির ম্যানেজার ও জাতীয় দলের সাবেক তারকা এহসান রানা।

‘ওরা দুই ম্যাচ হেরেছে। তাই চাইবে যে করেই হোক এই ম্যাচ থেকে পয়েন্ট পেতে। তাই ম্যাচটা মোটেই সহজ নয়। আমাদের হার থেকে শিক্ষা নিতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে হবে। তবেই জয়ে ফেরা সম্ভব হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত