রান পাচ্ছিলেন না লোকেশ রাহুল। সমালোচনাও হচ্ছিল প্রবল। তবে টিম ম্যানেজমেন্টের আস্থা ছিল তার ওপর। যে আস্থার প্রতিদান দিয়ে বাংলাদেশের বিপক্ষে ফিফটি তুলে নিয়েছেন ভারতের এই ওপেনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-২ এর ম্যাচে বুধবার মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। অ্যাডিলেডে দুপুর দুইটায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করছে ভারত।
পাওয়ার প্লেতে খুব বেশি রান তুলতে না পারলেও রাহুলের ব্যাটে পরে রানের চাকা সচল করে দলটি। ফিফটি তুলে রাহুল অবশ্য ফিরেছেন সাকিব আল হাসানের বলে। তবে বিরাট কোহলি এখন এগিয়ে নিচ্ছেন দলকে।
এই প্রতিবেদন লেখার সময় ১৩ ওভার শেষে ভারতের স্কোর ১১৫/২।
কোহলি ৩০ ও সুর্যকুমার যাদব ৩০ রান নিয়ে ব্যাট করছেন। রাহুল ফেরার পর সুর্যকুমার উইকেটে এসেই দাপুটে ব্যাটিং করে চলেছেন।
বাংলাদেশের বোলারদের শুরুটা ছিল দারুণ। রোহিত শর্মার উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে মাত্র ৩৭ রান তুলতে পেরেছিল ভারত। তাসকিন আহমেদের করা প্রথম ওভারে তারা মাত্র ১ রান নিতে পারে। সৌম্য সরকারের জায়গায় একাদশে আসা শরিফুল পরের ওভারে দেন ৯ রান।
ইনিংসের তৃতীয় ওভারেও তাসকিন দারুণ বোলিং করেন। এবারও দেন মাত্র ১ রান। পেতে পারতেন উইকেটও। কিন্তু বাউন্ডারি লাইনে রোহিতের ক্যাচ ছাড়েন হাসান মাহমুদ।
তবে পরের ওভারে (চতুর্থ ওভার) আক্রমণে এসে রোহিতকে তুলে নেন হাসান। ৮বলে ২ রান করা রোহিত ইয়াসির আলি রাব্বিকে ক্যাচ দিয়ে ফেরেন।
এরপর বিরাট কোহলি উইকেটে আসেন। লোকেশ রাহুল তাকে নিয়ে এগোতে থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৭ বলে ৬৭ রান যোগ করেন তারা দুজন।
৩১ বলে ফিফটি পূরণ করেন রাহুল। তবে দশম ওভারে ফিফটি পূরণের পরের বলেই ফিরতে হয় তাকে। সাকিবের বলে তিনি ক্যাচ দেন মোস্তাফিজুর রহমানকে।
