হকি চ্যাম্পিয়নস ট্রফি

সাকিবের পদ্মার সঙ্গে জয় রূপায়ণ কুমিল্লার

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৯:২৩ পিএম

হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে রূপায়ণ সিটি কুমিল্লা। তারা ৪-৩ গোলে হারিয়েছে মোনার্ক পদ্মাকে। সাকিব আল হাসানের মালিকানাধীন দলটিকেই ৩-২ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল রূপায়ণ সিটি কুমিল্লা।

দলের অধিনায়ক সোহানুর রহমান দু'টি সফল পিসি থেকে করেন জোড়া গোল। এছাড়া অভিজ্ঞ পুস্কর খীসা মিমো ও তরুণ ওবায়দুল হাসান জয়ের স্টিক থেকে আসে একটি করে গোল। আগের দিন সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে বড় ব্যবধানে হারানো মোনার্ক পদ্মা চতুর্থ ম্যাচে তৃতীয় হারের তেতো স্বাদ পেলো।

ম্যাচের শুরুতে দু'দলই খেলেছে সতর্ক হয়ে। যে কারণে প্রথম কোয়ার্টারে সেভাবে আক্রমন গড়তে দেখা যায়নি। এই কোয়ার্টারের শেষ মিনিটে অবশ্য উপর্যপুরি তিনটি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল রূপায়ণ সিটি। তবে তার কোনটিই গোলে রূপ দিতে পারেননি তাদের কোরিয়ান ডিফেন্ডার কিম সুং ইয়ব।

তবে ২২ মিনিটে সমন্বিত আক্রমন থেকে এগিয়ে যায় রূপায়ণ সিটি। ভারতীয় প্রদিপ মোরের হিট দিক পরিবর্তন করে দেন মিলন হোসেন। গোলমুখ থেকে তাতে মিমোর ফ্লিক জালে জড়ায়। পরের মিনিটেই ২-০ করেন জয়। তবে এই গোলে বড় অবদান কিম সুং ইয়বের। শুটিং সার্কেলের ভেতর থেকে এই কোরিয়ানের হিটে শেষ মুহূর্তে স্টিক ছুঁইয়ে গোল করেন জয়।

চার মিনিট পর অবশ্য ব্যবধান কমান মোনার্ক পদ্মার কৃষ্ণ কুমার। আল নাহিয়ান শুভ কাউন্টার অ্যাটাক থেকে শুটিং সার্কেলে ঢুকে আড়াআড়ি বল বাড়ান। তাতে ফ্লিক করে গোল করেন কৃষ্ণ। তৃতীয় কোয়ার্টারে অবশ্য দলের তৃতীয় চতুর্থ পিসির সুযোগ কাজে লাগান রূপায়ণ সিটির অধিনায়ক সবুজ। মিলনের পুশ সারোয়ার হোসেন থামানোর পর তাতে সবুজের ড্র্যাগ এন্ড ফ্লিক লক্ষ্যভেদ করে।

যদিও ৪২ মিনিট ও ৪৩ মিনিটে পরপর দু'গোল করে ম্যাচে ভালভাবেই ফিরে আসে মোনার্ক পদ্মা। প্রথম পাওয়া পিসি গোলে পরিণত করেন দলটির জাপানিজ ডিফেন্ডার মিয়া তানিমিতসু। পরের মিনিটে প্রতি আক্রমন থেকে জিমি বল বাড়ান সি জংকে। দ্রুত শুটিং সার্কেলের কাছাকাছি গিয়ে রিভার্স হিটে গোল করেন এই কোরিয়ান ফরোয়ার্ড।

শেষ কোয়ার্টারে মরিয়া আক্রমণে মোনার্ককে কোনঠাসা করে ফেলেছিল রূপায়ণ সিটি। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে সবুজের আরেকটি সফল পিসি রূপায়ণ সিটিকে এক ম্যাচ পর জয়ে ফেরায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত