হুমকি উপেক্ষা করে ইরানে চলছে বিক্ষোভ

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১২:১৭ এএম

নিরাপত্তা বাহিনীর কঠোর হুঁশিয়ারি এবং রক্তাক্ত দমনাভিযান উপেক্ষা করে ইরানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তরুণ-তরুণীরা। নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যদের সামনেই গত মঙ্গলবারও অবস্থান ধর্মঘট পালন করেছেন দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইরানে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে সবচেয়ে বড় বিক্ষোভের সমর্থনে শিক্ষার্থীরা এ ধর্মঘট পালন করেন। ইরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি, নারীদের বিশ্ববিদ্যালয় আল-জাহরা ইউনিভার্সিটি, আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।  সাত সপ্তাহ আগে ইরানে ঠিকমতো হিজাব না পরায় আটক মাশা আমিনি নামের এক তরুণীর পুলিশ হেফাজতে মৃত্যুর পর থেকেই সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে জড়িত থাকার জন্য প্রায় এক হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বিচার শুরু হবে চলতি সপ্তাহেই। এরই মধ্যে ইরানের শাসক গোষ্ঠী বিক্ষোভ ‘শেষ’ করতে বললেও থেমে নেই বিক্ষোভ। পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটক কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ গড়িয়েছে সপ্তম সপ্তাহে। এতে ইরান সরকারের ওপর চাপ বেড়েছে, অন্যদিকে দেশের এই অস্থির পরিস্থিতির জন্য বিদেশি শত্রু ও তাদের চরদের দোষারোপ করে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত