কাতার বিশ্বকাপই লিওনেল মেসির জন্য শেষ বিশ্বকাপ। অধরা এ শিরোপা উঁচিয়ে ধরার শেষ সুযোগ। তাই প্রস্তুতিটা জমাটভাবেই নিতে চান কিংবদন্তি। যে কারণে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছে ছুটি চেয়েছেন তিনি। গত রাতেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জুভেন্তাসের বিপক্ষে পিএসজির ম্যাচে ছিলেন মেসি। বিশ্বকাপ শুরুর আগে লিগ ওয়ানের হয়ে খেলতে হবে আরও দুটি ম্যাচে। ৬ নভেম্বর লরিয়েঁর বিপক্ষে নামার পর ১৩ নভেম্বর খেলতে হবে অ্যাজারের বিপক্ষে। অথচ বিশ্বকাপ গড়াবে ২০ নভেম্বর। পিএসজির হয়ে অ্যাজারের বিপক্ষে মাঠে নামলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে এক সপ্তাহও সময় মিলবে না মেসির। যে কারণে আগামী সপ্তাহে ছুটিতে যেতে চান তিনি। লরিয়েঁর বিপক্ষে খেলার পরপরই দেশে ফেরার জন্য কোচ বরাবর আবেদন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সংবাদ অনুযায়ী, ছুটি পেতে যাচ্ছেনও মেসি। কারণ পিএসজির সঙ্গে চুক্তি করার সময়ই জাতীয় দলকে প্রাধান্য দেওয়ার বিষয়টি উল্লেখ রেখেছিলেন তিনি। চুক্তি অনুযায়ী আর্জেন্টিনার হয়ে অফিশিয়াল ম্যাচ কিংবা প্রীতি যেকোনো ধরনের ম্যাচের আগে চাইলে ছুটি পাবেন এ তারকা। ইন্টারনেট
×
