‘নগদ’র লাইসেন্স কেন বাতিল হবে না : হাইকোর্ট

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৩:০৫ এএম

মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’র লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। বাংলাদেশ ব্যাংক থেকে সাময়িক লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রবিধান অনুযায়ী কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না সেটাও জানতে চেয়েছে হাইকোর্ট। নগদ-এর লাইসেন্সের বৈধতা নিয়ে করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো.  ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।

চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাপরিচালক (ডিজি), ডাক বিভাগের মহাপরিচালক, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দ্য নিউ এজ ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদককে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।

সাময়িক লাইসেন্স নিয়ে নগদের ব্যবসায়িক কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মো. হাসান উজ্জামান ও মো. আবু বক্কর সিদ্দিক জনস্বার্থে এ রিট আবেদনটি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত