ইউরোপের তাপমাত্রা বাড়ছে দ্বিগুণ হারে

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০১:১০ পিএম

গত ৩০ বছরে সারা বিশ্বে যে হারে তাপমাত্রা বেড়েছে তার তুলনায় ইউরোপের তাপমাত্রা দ্বিগুণ হারে বেড়েছে। পৃথিবীর অন্যান্য মহাদেশের তুলনায় ইউরোপেই তাপমাত্রা সবচেয়ে বেশি বেড়েছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কোপার্নিকাস আবহাওয়া পরিবর্তন সংস্থার প্রকাশিত যৌথ প্রতিবেদন অনুযায়ী, ১৯৯১ সাল থেকে প্রতি দশকে গড়ে ইউরোপিয়ান অঞ্চলগুলোর তাপমাত্রা বেড়েছে ০.৫ ডিগ্রি সেলসিয়াস (০.৯ ডিগ্রি ফারেনহাইট)।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব পাত্তেরি তালাস এক বিবৃতিতে বলেন, যারা জলবায়ু পরিবর্তনের বিষয়টি মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রেখেছে তারাও আবহাওয়ার চরম পরিণতির বাইরে নেই। ইউরোপে গত কয়েক বছরে কয়েকবার তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে প্রায়ই তীব্র তাপপ্রবাহ দেখা যাচ্ছে।

১৯৯৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে আলপিন হিমবাহের পুরুত্ব কমেছে ৩০ মিটার (১০০ ফুট থেকে একটু কম)। অন্যদিকে গ্রিনল্যান্ডের বরফ চাদর দ্রুত গলে যাচ্ছে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়াচ্ছে দ্রুত।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব তালাস আরও বলেন, ২০২১ সালের মতো এ বছর ইউরোপের বড় একটি অংশ তাপপ্রবাহ এবং খরায় আক্রান্ত হয়েছে। যার ফলে তৈরি হয়েছে দাবানলও। তাছাড়া গত বছরের ব্যতিক্রমী বন্যায় নিহত ও সম্পদ বিনষ্ট হওয়ার কথাটিও উল্লেখ করেছেন তিনি।

জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আর আবহাওয়ার এ পরিবর্তনের কারণে গত বছর ইউরোপে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইউরোপজুড়ে তাপমাত্রা সম্ভবত বাড়তেই থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত