ভারতকে পেলেই লিটন হয়ে যান ক্রিকেটের শিল্পী

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম

লিটন দাস যেন মা‌ঝে মা‌ঝে হয়ে উঠেন ক্রিকেটের পাবলো পিকাসো বা ভ‌্যানগগ। তার ব‌্যাট তখন বাইশ গজের ক‌্যানভাসে এঁকে চলে নান্দ‌নিক সব চিত্রকর্ম। য‌দি প্রতিপক্ষ হয় ভারত, তখন সেসব চিত্রকর্ম অমরত্বের দা‌বি তুলে যেন। তা যে কত হৃদয় ছোঁয়া তা আরেকবার প্রমাণ হলো অ্যাডিলেডে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে। তার ব্যাটে ভর করেই তো জয়ের পথে এগোচ্ছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত আর জেতা হয়নি তাদের। কিন্তু তার অনবদ্য ইনিংস চোখে লেগে আছে, লেগে থাকবে দীর্ঘদিন।

ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন লিটন। যা সাজিয়েছিলেন ৭ চার ও ৩ ছক্কায়। ২২২.২২ স্ট্রাইক রেটটাও চোখ কপালে ওঠার মতোই। শান্তের সঙ্গে ওপেন করতে নেমে যেন নিজের জাতটাই চেনালেন। বলা ভালো, প্রিয় প্রতিপক্ষ ভারতকে পেয়েই যেন জ্বলে উঠেছিলেন তিনি।

image

রঙিন পোশাকের ক্রিকেটে লিটন দাসের অভিষেকটা ৭ বছর আগে। সেটা ঘরের মাঠ মিরপুরে ভারতের বিপক্ষে। সেবার ভারতকে সিরিজে হারিয়েছিল মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে সবটিতে খেলে করেছিলেন ৭৮ রান। সর্বোচ্চ ছিল ৩৬। সেই ভারতের বিপক্ষেই তিন বছর পর পেয়েছিলেন শতকের দেখা। আন্তর্জাতিক ক্রিকেটে সেটাই ছিল তার প্রথম শতক। সংযুক্ত আরব আমিরাতে একদিনের সংস্করণের এশিয়া কাপের ফাইনালে তিন অংকের রান স্পর্শ করেছিলেন তিনি।

সেই থেকে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ছয়টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন লিটন। করেছেন ২২৮ রান। রোহিতদের বিপক্ষে ১২১ রানের সেই ইনিংসটির পর আরও চারটি শতকের দেখা পেয়েছিলেন তিনি। রঙিন পোশাকের ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও ভারতের বিপক্ষে তার পরিসংখ্যানটা দারুণ।

২০১৮ সালের ৮ মার্চ ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টিতে খেলতে নামেন লিটন। সে ম্যাচে তিনে ব্যাট করতে নেমে তিনি খেলেছিলেন ৩৪ রানের একটি ইনিংস। তারপর আরও একাধিক চোখ ধাধানো কিছু ইনিংস খেলেছেন। তবে বিশ্বকাপের মূল পর্বে অ্যাডিলেডের ৬০ রানের ইনিংসটাই সর্বোচ্চ। এখন পর্যন্ত মোট সাতবার ভারতের বিপক্ষে ব্যাট হাতে নেমেছেন লিটন। রান করেছেন ১৫৭। তার গড় মাত্র ২২ হলেও স্ট্রাইক রেট প্রায় ১৩২।

এসব পরিসংখ্যানই বলে দেয় ভারত যেন লিটনের প্রিয় প্রতিপক্ষ। যাদের পেলেই স্ব মহিমায় জ্বলে উঠেন তিনি। হয়ে যান ক্রিকেট মাঠের শিল্পী। মাঠ আর যার ব্যাট হয়ে যায় ক্যানভাস আর তুলি। তাতেই আঁচড় দিয়ে ফুটিয়ে তুলেন একেকটি চিত্র। যে চিত্র তিনি আঁকতে খেলে ফেলেছেন ৬৪ টি-টোয়েন্টি ম্যাচ। প্রায় ১২৯ স্ট্রাইক রেটে আর ২২ গড়ে তিনি করেছেন ১৩৭৮ রান। এই সংস্করণে ৬৯ রানের ইনিংসটি যার দর্শনীয় চিত্র।

যদিও টেস্ট ক্রিকেটে ভারতের সঙ্গে বলার মতোই কিছুই করতে পারেননি তিনি। ওয়ানডের মতোই সাদা পোশাকের ক্রিকেটও ভারতের বিপক্ষেই হয় লিটনের অভিষেক। রঙিন পোশাকের ক্রিকেটে যে দলটির বিপক্ষে ঝলমলে পরিসংখ্যান, এই সংস্করণে সেখানে যেন ততটাই ম্লান। তিন ম্যাচে চার ইনিংস ব্যাট করে পেয়েছেন মাত্র ১২৪ রান। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৪৪ রানটাই সীমিত ওভারের ক্রিকেটের প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত