টানা দ্বিতীয় দিনের মতো ঊর্ধ্বগতিতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। শর্তসাপেক্ষে চেকে শেয়ার কেনার সুযোগ দেওয়ার পর থেকেই পুঁজিবাজারে লেনদেন বাড়তে শুরু করেছে। একই সঙ্গে ফ্লোর প্রাইসে পড়ে থাকা শেয়ারের সংখ্যাও কমছে।
গতকাল ডিএসইতে কেনাবেচা হয়েছে ১ হাজার ৫১২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫০ কোটি টাকা বেশি। গতকালের লেনদেনের পরিমাণ এক মাসে সর্বোচ্চ। চেক নগদায়নের আগে তা দিয়ে শেয়ার কেনা যাবে না, গত ১১ অক্টোবরের এমন নির্দেশনার পর থেকে পুঁজিবাজারে দরপতনের পাশাপাশি লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকার নিচে নেমে আসছিল। এরপর গত মঙ্গলবার শর্তসাপেক্ষে চেকে শেয়ার কেনার সুযোগ দেওয়ার পর থেকে লেনদেন বাড়তে শুরু করে।
