দেশে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে মারা গেছে ১৬১ জন। এর আগে গত ১৩ অক্টোবর ডেঙ্গু নিয়ে ৮ জন মারা গিয়েছিল। যা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে রয়েছে ৪০ হাজার ৯৮৩ জন। এর আগে গত বুধবার এ বছরের সর্বোচ্চ ১ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৪৯৮ জন ঢাকায় ও ৩৮৪ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২ হাজার ২৭৬ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৪০০ জন। এ বছর রাজধানীর বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ২৭ হাজার ৬৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১৩ হাজার ৩৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত মাসের ৩১ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৯৩২ জন। এ সময়ে মারা গেছে ৮৬ জন। এর আগে গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৯ হাজার ৯১১ জন ও মারা যায় ৩৪ জন। গত আগস্টে হাসপাতালে ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ও মারা গিয়েছিল ১১ জন।
