বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই প্রস্তাব দিয়েছে সংগঠনটি। দাম বাড়ানোর যৌক্তিকতা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব দিলেও বিষয়টির যৌক্তিকতা যাচাইয়ের জন্য সময় লাগবে। এ মুহূর্তে দাম বাড়ানো যৌক্তিক কি না, তা পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তারা পর্যবেক্ষণ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভোজ্যতেল ব্যবসায়ীদের সংগঠনটি বলেছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অস্বাভাবিক অবমূল্যায়নের পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৭৮ টাকা। লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব বাস্তবায়ন হলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৯৩ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে ৮৮০ টাকায়। নতুন প্রস্তাবে পাঁচ লিটারের বোতলের দাম গিয়ে দাঁড়াবে ৯৫৫ টাকা। একইভাবে খোলা সয়াবিন তেলের লিটার ১৫৮ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব বাস্তবায়ন হলে প্রতি লিটার খোলা সয়াবিনের বিক্রি মূল্য হবে ১৭৩ টাকা। এর আগে ৩ অক্টোবর বোতলজাত তেলের দাম লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেলে ১৭ টাকা কমিয়েছিলেন ব্যবসায়ীরা। সেই দামেই এখন বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে।
